English Version
আপডেট : ২৪ মে, ২০১৮ ১১:৪৫

‘দহন’ সিনেমায় ফিরছেন পূর্ণিমা

অনলাইন ডেস্ক
‘দহন’ সিনেমায় ফিরছেন পূর্ণিমা

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পূর্ণিমা নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ ছবির মাধ্যমে ফিরছেন এই অনিন্দ্য সুন্দরী নায়িকা।

এ ব্যাপারে পূর্ণিমা বলেন, প্রাথমিকভাবে ছবিটিতে কাজের ব্যাপারে কথা হয়েছে। এখনও চুক্তিবদ্ধ হইনি। ‘দহন’-এ প্রথমে আমারই কাজের কথা ছিল। আমি এর গল্প আগে থেকেই জানি। গল্পটা রাফি (পরিচালক রায়হান রাফি) আমাকে অনেক আগেই শুনিয়েছিল। প্রথমে এই কাজটির প্রস্তাব আমি পেয়েছিলাম, আমি না করার পরেই বাঁধনকে নেয়া হয়। কোনো কারণে এখন বাঁধন কাজটি আর করছে না। ঘুরেফিরে আবারও আমার কাছেই আসছে।’   ‘দহন’ সিনেমায় সাংবাদিক চরিত্রে দেখা যাবে পূর্ণিমাকে। এর আগে বাঁধনকে নিয়ে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে ছবিটি থেকে সরে গেছেন বাঁধন। ‘দহন’ সিনেমায় পূর্ণিমার নায়ক হিসেবে থাকছেন সিয়াম। আরও অভিনয় করবেন পূজা চেরিসহ অনেকে।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে সিনেমায় পা রাখেন পূর্ণিমা। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’র মাধ্যমে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ২০১০ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

পূর্ণিমা অভিনীত অপরাধ, লাল দরিয়া, মনের মাঝে তুমি, মেঘের পরে মেঘ, সুভা, হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা ছবিগুলো অন্যতম।