পাহাড়ি কন্যা নায়লা নাঈম
নায়লা নাঈম, মডেল তকমাটা বেশ ভালোই জড়িয়ে নিয়েছেন নামটির সঙ্গে। সম্প্রতি তিনি মডেল হলেন নতুন একটি মিউজিক ভিডিওতে। নাম ‘আসাম যাবো’। ভিডিওটি নির্মাণ করেছেন সোহেল রাজ। জে. কে মাজলিসের মিউজিকে গানটিতে কণ্ঠ দিয়েছেন সায়রা রেজা।
ভিডিওটিতে নায়লা নাঈমকে এক অভিন্ন রূপে দেখতে পাবেন দর্শকরা। আধুনিকতার চিরায়ত রূপ থেকে বেরিয়ে দেখা দিবেন পাহাড়ি কন্যা রূপে। মিউজিক ভিডিওটিতে নায়লা নাঈমের সাথে জুটি বেঁধেছেন শিবলী নোমান। নির্মাতা সোহেল রাজ বলেন, “আমরা গানটির চিত্রায়ন করেছি হবিগঞ্জের পাহাড়ি অঞ্চলে। খুব কষ্ট করতে হয়েছে আমাদের সবাইকে, কখনো রোদে পুড়ে আবার কখনো বৃষ্টিতে ভিজে। বিশেষ ভাবে আমি আরিফুর রেজা ভাই ও সায়রা রেজা আপুর কাছে কৃতজ্ঞ।”
নির্মাতা আরো বলে, “বিশেষ ভাবে নায়লা নাঈমকে ধন্যবাদ দিতে হয় সে খুব ভালো ভাবে কাজটাকে ফুটিয়ে তুলেছে, কাজের ব্যাপারে সে খুবই সিনসিয়ার। নতুন লুকে ভিন্ন গেটাপে দর্শকরা তাকে অন্য এক নায়লা নাঈমকে পাবে বলে আমি আশাবাদী।”
এ প্রথম এমন চরিত্রে কাজ করেছেন, সবমিলিয়ে কেমন ছিল? এমন প্রশ্নের জবাবে নায়লা নাঈম গো নিউজকে বলেন, “এ প্রথম এমন চরিত্রে কাজ করলাম, দারুণ উপভোগ করেছি চরিত্রটা। কিন্তু আমাকে পাহাড়ি কন্যা রূপে হাজির করানো সম্পূর্ণ প্রশংসার দাবিদার পোষাক পরিকল্পনাকারী নওরিনের। নওরিনের পোষাক ডিজাইনের ব্যাপারে আমি আগে থেকেই জানি খুব ভালো, তাই সে ভাবেই কাজটাতে নিজেকে সামিল করেছি।”
তিনি আরো বলেন, “আমিও চাইছিলাম যে দর্শকরা আমাকে একটু ভিন্ন ভাবে দেখুক। সে ভাবনা থেকেই কাজটা করা। সোহেল ভাই যে অসাধারণ কাজ করে, তার আরো একবার প্রমাণ পেলাম।”


