তৈমুরকে ক্রিকেটার বানাতে কী করছেন সাইফ?
দাদা ছিলেন জনপ্রিয় ক্রিকেট তারকা। নাতিও যে সে পথে হাঁটবে না তা কে বলতে পারে। দিল্লির একটি অনুষ্ঠানে এসে কারিনা কাপুর তাঁর ছেলে তৈমুরকে নিয়ে বলতে গিয়ে জানান, সাইফ ক্রিকেট শেখানোর চেষ্টা করছে তৈমুরকে। অন্তঃসত্ত্বা কারিনা কোনওদিনই তাঁর গর্ভবতী হওয়াকে নিয়ে কোনও রাখঢাক রাখেননি। বরং বেবি বাম্প নিয়েই তিনি র্যাম্পে দিব্যি হেঁটেছেন। এমনকী তৈমুর জন্মের কিছুদিনের মধ্যেই আবারও কাজে যোগ দিয়েছেন এবং ফিরে এসেছেন নিজের আসল চেহারায়। ৩৭ বছরের করিনা অবশ্য এ জন্য তাঁর স্বামী সাইফ আলি খানের ভূমিকা কোনওদিনই অস্বীকার করেন নি।
কারিনা বলেন, ‘আমরা একে অপরের কাজ ভাগ করে নিই। যেটা একজন মা পারে তা একজন বাবা করতে সব সময় সক্ষম হয় না। আবার এমন কিছু কাজ রয়েছে যা বাবার দ্বারাই সম্ভব, সেটা মা কোনওদিনই পারেন না।’ কারিনা আরও জানান, তাঁরা দু’জনেই তাঁদের ব্যস্ততা থেকে সময় বের করেন তৈমুরের জন্য। তৈমুরকে সাইফ এখন থেকেই ক্রিকেট শেখানোর চেষ্টা করছেন। কারিনা বলেন, ‘মায়ের সঙ্গে সময় কাটাতে তৈমুর খুব ভালবাসে। আমি তৈমুরকে আদরে আদরে নষ্ট করে দিচ্ছি। তার বাবা তাকে ক্রিকেট শেখানোর চেষ্টা করছে।’ ’বিরে দি ওয়েডিং’–এর প্রচারে ব্যস্ত কারিনা জানান, কাজ এবং তৈমুরের সঙ্গে সময় কাটানো দু’টোই ভারসাম্য বজায় রেখে করতে হয়। তিনি বলেন, ‘সাইফ এবং আমি এ বিষয়ে দু’জনেই খুব সতর্ক থাকি। সাইফ কাজে ব্যস্ত থাকলে আমি তৈমুরকে সময় দিই এবং আমার কাজ থাকলে তৈমুরের কাছে ওর বাবা থাকে। এখন যেমন আমাকেই তৈমুরের কাছে বেশি সময় থাকতে হবে কারণ সাইফ তাঁর পরবর্তী ছবি বাজারের জন্য সাড়ে তিনমাসের জন্য শুটিংয়ের কাজে বাইরে থাকবে।’


