English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮ ২০:১৯

আড়াল থেকে বেরিয়েই চমক ঈশিতার

অনলাইন ডেস্ক
আড়াল থেকে বেরিয়েই চমক ঈশিতার

একটা সময় ছোট পর্দার জনপ্রিয় মুখ ছিলেন ঈশিতা। অসংখ্য নাটকে অভিনয় করে নজর কেড়েছিলেন দর্শকদের। কিন্তু হঠাৎ কোথায় যেন হারিয়ে গেলেন। বিগত চার বছর তাই দেখাই যায়নি এই অভিনেত্রীকে। এসময়ে নাটক তো দূরের কথা শোবিজ জগতের কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি ঈশিতাকে।

অবশেষে আড়ালের নিরবতা ভেঙে আবারও ফিরছেন তিনি। আর প্রত্যাবর্তনেই চমকে দিলেন ভক্তদের। ঈদ উপলক্ষে একটি টেলিছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী। ‘কাঠপেনসিল’ নামের সেই টেলিছবিতে ঈশিতার সঙ্গে দেখা যাবে কলকাতার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে ঈশিতা বলেন, ‘মনে হচ্ছে এখনো স্বপ্ন দেখছি। পুরো দুই দিন এমন একজন অভিনেতার সঙ্গে কাজ করেছি, এখনো বিশ্বাস হচ্ছে না।’ তাকে এত কাছ থেকে দেখে আমি কিছুক্ষণের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাই। তিনিই আমাদের সবাইকে স্বাভাবিক করলেন। এরপর পুরোটা সময়জুড়েই ছিল তার প্রতি মুগ্ধতা।’

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ঈশিতা বললেন, ‘একটা শট শেষ হওয়ার পর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, বলো তো, শটটা কেমন হয়েছে? ভাবতে পারছেন, তার মতো একজন বিখ্যাত মানুষ আমাকে এমন প্রশ্ন করছেন!

‘কাঠপেনসিল’ টেলিছবির গল্পে সৌমিত্র কলকাতার একজন জনপ্রিয় কবি ও চিত্রশিল্পী। একসময় বাংলাদেশে ছিলেন। আর ঈশিতা সাংবাদিক। ঢাকার একটি শীর্ষ পত্রিকায় কাজ করছেন। সৌমিত্রের সাক্ষাৎকার নেওয়ার জন্য তিনি কলকাতায় যান। একসময় দেখা যায়, প্রবীণ আর নবীন এই দুজন মানুষের মধ্যে কোথায় যেন একটা মিল রয়েছে। এটির কাহিনি লিখেছেন ও পরিচালনা করেছেন রাফায়েল আহসান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জ্যোতি হাজরা।

ঈশিতা আশা করছেন, দর্শক এই টেলিছবিটি উপভোগ করবেন। চমৎকার গল্প আছে, চরিত্রদের বৈচিত্র আছে।