ভক্তদের নতুন খবর দিলেন অপু
দর্শকদের জন্য নতুন খবর নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। আগামী রোজার ঈদেই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘পাঙ্কু জামাই’।
অপু জানান, ‘সম্প্রতি জেনেছি ছবিটি খুব শিগগিরই মুক্তি পাবে। ছবিটি শেষ করতে অনেক সময় লাগলেও আমার বিশ্বাস দর্শক এটি দেখে পছন্দ করবে। অনেকদিন পর নতুন ছবি নিয়ে হাজির হচ্ছি, তাই অনুভূতিটা সত্যিই অসাধারণ।’
ছবির কাহিনীটা রোমান্টিক ও কমেডি ঘরানার। এ ছবিতে অপু বিশ্বাসের নায়ক শাকিব খান। আবারও দর্শক তাদের বড় পর্দায় দেখতে পাবেন। সবশেষ গত বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল শাকিব-অপু জুটির ‘রাজনীতি’ ছবিটি। এটি পরিচালনা করেন বুলবুল বিশ্বাস।
‘পাঙ্কু জামাই’ রোজার ঈদে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন এ ছবির নির্মাতা আবদুল মান্নান। তিনি বলেন, “ছবির কাজ শেষ করতে প্রায় তিন বছরের মতো সময় লেগেছে। তবে এত সময় লেগেছে শাকিব খান ও অপু বিশ্বাসের মাঝে মনোমালিন্যের জন্য।
তারপরও ক্ষোভ নেই। আমার প্রযোজক এরইমধ্যে প্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। আশা করছি, আসছে ঈদে ছবিটি মুক্তি দিতে পারব।”
এ ছবির বাইরে একই সময়ে অপু বিশ্বাস কালাম কায়সার পরিচালিত ‘মা’ ছবির সেটে উপস্থিত হলেও এ ছবির কাজ আর শুরু হয়নি। তবে খুব শিগগির রবিন খান পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন অপু।
ছবির নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে ‘কানাগলি’। এ ছবি ছাড়াও দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। এ ছবিতে তার নায়ক বাপ্পি চৌধুরী।
এছাড়া ‘লিংকআস’ নামে একটি ডিজিটাল প্লাটফর্মের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন তিনি। পেছনে ফিরলে দেখা যায়, ২০০৬ সালে শাকিবের বিপরীতে ‘কোটি টাকার কাবিন’ ছবির মাধ্যমে বড় পর্দায় জায়গা করে নেন অপু। এরপর অপুকে আর ফিরে তাকাতে হয়নি।
তবে দীর্ঘ এক যুগের ক্যরিয়ারে নানা বাধা পেরিয়েছেন তিনি। দিয়েছেন দর্শকদের সফল ছবি। শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্কের টানাপড়েন বর্তমানে তৈরি হলেও সব বাধা অতিক্রম করে নতুন লুকে এবং ভালো কাজ দিয়ে সামনের পথ পাড়ি দিতে চান অপু বিশ্বাস।


