ফেরদৌস-পপিকে নিয়ে কাঠগড়ায় শরৎচন্দ্রের শুটিং শুরু
চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পপিকে নিয়ে আজ থেকে শুরু হল ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির শুটিং। এফডিসিতে আজ শরৎচন্দ্রের পার্বতী হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন পপি। দেবদাস হয়ে ফেরদৌস শুটিং শুরু করবেন ২৪ এপ্রিল।
ছবির পরিচালক আরিফুর জামান আরিফ জানান, আজ থেকে বিএফডিসির তিন নম্বর ফ্লোরে টানা দশ দিন এ ছবির শুটিং চলবে। এর কাহিনী ও সংলাপ রচনা করেছেন হাশিম আখতার মো. করিমদাদ।
এ ছবিতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র ছবির গল্প একটু আলাদা। এতে কাজ করার আগে ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আশা করছি ভালো একটি কাজ হবে। তবে কিছুটা টেনশনও হচ্ছে, কারণ দর্শক এ ধরনের গল্পের ছবি কীভাবে নেয়, তা আগে থেকেই বলা কঠিন। তবে গল্পের ভাবনাটা আমার কাছে খুব ভালো লেগেছে।’
পপি বলেন, ‘পার্বতী আমার অনেক স্বপ্নের একটি চরিত্র। চলচ্চিত্রটির গল্প বলার ধরন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পার্বতী চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে একটু বেশিই তৈরি করেছি। ফেরদৌসের সঙ্গে কয়েক বছর পর কাজ করছি।
আশা করছি সবমিলিয়ে বেশ ভালো একটি ছবি হবে।’ এ ছবি ছাড়াও ফেরদৌস শিগগিরই শুরু করবেন অঞ্জন আইচের ‘রূপবতী’-এর কাজ। এর মধ্যে মাহমুদ দিদারের নির্দেশনায় ‘বিউটি সার্কাস’ ছবির কাজও শেষ করবেন।
মুক্তির অপেক্ষায় আছে ফেরদৌস অভিনীত একে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’ ও অরণ্য পলাশের ‘গন্তব্য’। এদিকে পপি অভিনয় করছেন সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবিতে।
এছাড়া শহীদুল হক খানের দুটি ছবিতে কাজ করারও কথা রয়েছে তার। ফেরদৌস ও পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘চার অক্ষরের ভালোবাসা’।


