English Version
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮ ১০:৫১

২০ এপ্রিল আসছে `আলতাবানু`

অনলাইন ডেস্ক
২০ এপ্রিল আসছে `আলতাবানু`

আগামী ২০ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও অরুণ চৌধুরী পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘আলতা বানু’। রবিবার দুপুরে ‘আলতা বানু’র মুক্তির বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা অরুণ চৌধুরী ও প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম। এদিকে এপ্রিলের শুরুতেই বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘আলতা বানু’। অরুণ চৌধুরীর পরিচালনায় আসন্ন এই ছবিটি এরইমধ্যে ভিন্নধর্মী প্রচারণা দিয়েও নজর কেড়েছে সবার। সিনেমার নামটিই আমাদের ফিরিয়ে নিয়ে গিয়েছে ৭০/৮০ দশকে। যখন গ্রাম-বাংলার নানা বিষয় নিয়ে অনেক সিনেমা নির্মান হতো।

আলতা ও বানু এই দুই বোনের গল্পে নির্মিত এ ছবিতে বড় বোন আলতা চরিত্রে মম ও ছোট বোন বানু চরিত্রে দেখা যাবে ফারজানা রিক্তাকে। আর এ দুই নায়িকার বিপরীতে থাকছেন আনিসুর রহমান মিলন। নির্মাতা জানান, বড় বোনের বিয়ের ঘটনার সূত্র ধরে হঠাৎ হারিয়ে যায় ছোট বোন। তাকে খুঁজতে বের হয় আলতা। ঘটে নানান ঘটনা। বাকিটা জানা যাবে সিনেমা মুক্তির পর। ছবির নাম "আলতাবানু" কেন? এমন প্রশ্নের উত্তরে জানা যায় -আমাদের গ্রাম বাংলার লোক ঐতিহ্য ও সংস্কৃতি এই সময়ে এসে কিছু কিছু চলচ্চিত্রে হঠাৎ দেখা গেলেও গ্রামের সাধারণ মানুষের মণিকোঠায় বেঁচে থাকা রূপকথা, উপকথা গুলোও গ্রামীণ সংস্কৃতির অংশ। তাই এমন নাম গ্রহণ করেছেন তিনি। যা গ্রামীন একটা আবহ নিয়ে আসে সবার মাঝে।

আলতা ও বানু নামের দুই বোনের জীবনের নানা ঘটনা নিয়েই এগিয়েছে এই ছবির গল্প। সাথে গ্রামীন জীবন, সংস্কৃতি এবং নানা বিষয় উঠে এসেছে সুন্দরভাবে। শুটিং ও ডাবিং ছাড়া ‘আলতা বানু’ ছবির যাবতীয় পোস্ট প্রোডাকশনের কাজ করা হয় মাদ্রাজ থেকে। গেল বছরের জুলাই মাসে ‘আলতাবানু’ ছবির শুটিং শুরু হয়। টানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ হয়েছিল। মম ও রিক্তা ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন , রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান ও মামুনুর রশীদ। ফরিদুর রেজা সাগরের গল্পে সংলাপ লিখেছেন বৃন্দাবন দাস। পোস্টার ও ট্রেলার উন্মোচনের মধ্য দিয়ে খবরে আসে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘আলতা বানু’। রবিবার দুপুরে নির্মাতা অরুণ চৌধুরী জানালেন: আসছে ২০ এপ্রিল ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি নিশ্চিত হয়েছে। আশা করছি ছবিটি দর্শকদের ছুঁয়ে যাবে।আলতা এবং বানুর গল্পে হারিয়ে যাবার জন্য অপেক্ষা করতে হচ্ছে আর কয়েকটা দিন।