English Version
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮ ০৭:১১

এগিয়ে বাপ্পীর ‘পলকে পলকে তোমাকে চাই’

অনলাইন ডেস্ক
এগিয়ে বাপ্পীর ‘পলকে পলকে তোমাকে চাই’

প্রথম সপ্তাহের সফলতার ধারাবাহিকতায় বৈশাখে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহেও এগিয়ে আছে বাপ্পী-মাহি অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি। দ্বিতীয় সপ্তাহে সারা দেশে ৪৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি।

বৈশাখ উপলক্ষে সারা দেশে আরো দুইটি ছবি মুক্তি পেয়েছে। সেগুলো হলো নির্মাতা ও অভিনেতা আলমগীর প্রযোজিত-পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ও ইফতেখার চৌধুরী পরিচালিত ও চিত্রনায়িকা ববির প্রযোজনা সংস্থা ববস্টার ফিল্মস প্রযোজিত ‘বিজলী’ ছবিটি।

তিনটি ছবি মুক্তির পর বিভিন্ন হল মালিকদের সাথে কথা বলে জানা গেছে চলতি সপ্তাহে মুক্তি প্রাপ্ত ছবির চেয়ে তুলনা মুলক এগিয়ে আছে বাপ্পী্র ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি।

এদিকে ছবির পরিচালক শাহনেওয়াজ শানু বলেন, ‘নায়ক বাপ্পী বর্তমান সময়ের একজন অভিনেতা। তাঁর অভিনীত ছবিটি দর্শক গ্রহণ করেছে। এটি চলচ্চিত্র নির্মাণকারীদের জন্য আশার আলো। প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি পেয়েছ ৭১টি সিনেমা হলে। দ্বিতীয় সপ্তাহে ছবিটি মুক্তি পেয়েছে ৪৩টি সিনেমা হলে। সব মিলিয়ে দর্শকদের বেশ সাড়া পাওয়া যাচ্ছে।’

এদিকে ছবির বিষয়টি মিরাকেল উল্লেখ করে ছবির নায়ক বাপ্পী চৌধুরী বলেন, ‘ছবিটি হুট করেই মুক্তি দেয়া হয়েছে। তেমন প্রচারণা ছিলো না, ছবিটি মুক্তি উপলক্ষে। তারপরও দর্শক বেশী আমাকে ভালোবেসেছে তা দেখে আমি সত্যি মুগ্ধ। মন্দার এই বাজারে ছবিটি এত ভালো যাবে চিন্তাও করিনি।’