যুক্তরাষ্ট্রে তাহসান, সামলাচ্ছেন দুই কাজ
বর্তমানে যুক্তরাষ্ট্র দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এবং অভিনেতা তাহসান খান। সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানে গাইবেন তিনি। গানের ফাঁকেই করছেন নিজের প্রথম সিনেমার কাজও। কনসার্টে অংশ নেওয়ার পর তার অভিনীত যদি একদিন ছবির গানের শুটিংয়েও অংশ নিলেন এই অভিনেতা।
১৪ এপ্রিল সানফ্রান্সিসকোতে গান গাইবেন তাহসান। এরপর মিশিগান, আটলান্টা ও নিউইয়র্কেও কিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। যদি একদিন ছবির এই গানটির দৃশ্যধারণে নির্দেশনা দিয়েছেন এবং এর চিত্রগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রনিবাসী রুশ চিত্রগ্রাহক সের্গেই।
এ বিষয়ে তাহসান বলেন, ‘সের্গেইয়ের চিত্রায়ণের ভাবনা, কাজ অসাধারণ। নতুন অভিজ্ঞতা হয়েছে।’ শুটিংয়ে নিজের গাওয়া একটি গানে নিজেই ঠোঁট মেলাবেন তিনি। শুটিং হয় ৮ ও ৯ এপ্রিল।
তাহসান আরো বলেন, পাঁচটি স্টেজ শোতে অংশ নিতেই যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। ৮ এপ্রিল মায়ামিতে একটি শো হয়েছে। পরের অনুষ্ঠানের আগে কয়েক দিন সময় হাতে ছিল। তাই এর ফাঁকে সিনেমার গানের শুটিং করে নেন এ শিল্পী। ‘আগে থেকেই আমাদের যদি একদিন ছবির দল সব আয়োজন করে রেখেছিল। তাই কাজটি সহজে করতে পেরেছি।’
এদিকে যদি একদিন ছবির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ আছেন ঢাকায়। তিনি বলেন, ২৬ এপ্রিল থেকে কক্সবাজারে ছবির দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে। ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন তাসকিন রহমান, সাবেরী আলম, আফরিন ও কলকাতার শ্রাবন্তী প্রমুখ।
উল্লেখ্য, ৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে গেছেন তাহসান। কাজ শেষে ২৫ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তার।


