English Version
আপডেট : ৮ এপ্রিল, ২০১৮ ১৭:১৫

বাপ্পির কাছে সাইমনের অনুরোধ

অনলাইন ডেস্ক
বাপ্পির কাছে সাইমনের অনুরোধ

বাপ্পি চৌধুরী ও সাইমন সাদিক। দুজনই বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়ক। চলচ্চিত্রে অভিষেকের পর থেকে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন তারা। ভবিষ্যতে বাংলা সিনেমার হাল ধরার জন্য এ দুজনকেই এগিয়ে রাখেন অনেকে। তবে অবাক করা বিষয় হচ্ছে দুজনই অসংখ্য সিনেমায় কাজ করেছেন ঠিকই, কিন্তু একসঙ্গে কোনো সিনেমায় জুটি বাঁধা হয়নি এখনও।

এমনিতেই বর্তমান সময়টা ভালো যাচ্ছে না তাদের। চলচ্চিত্রের মন্দার বাজারে বছরে দু-একটা সিনেমা সুপারহিট হচ্ছে। সেই তালিকায়ও দেখা যাচ্ছে না তাদের নাম। এই সময়ে এই দুই চিত্রনায়ক এক সিনেমায় অভিনয় করলে হয়তো সিনেমা ব্যবসায়ীকভাবে লোকসানের তালিকা ছোট হবে বলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন। সাইমন-বাপ্পিকে একসঙ্গে সিনেমায় অভিনয়ের জন্য একাধিকবার প্রস্তাব দিয়েও কোনো কাজ হয়নি।

সূত্রে জানা যায়, সাইমন সাদিক জুটি বেঁধে অভিনয় করতে চাইলেও রাজি নন বাপ্পি চৌধুরী। সেই প্রমাণ পাওয়া গেল আবারও। এবার প্রকাশ্যে বাপ্পিকে অনুরোধ করলেন সাদিক। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে বাপ্পিকে একই সিনেমায় অভিনয় করার অনুরোধ করেছেন সাইমন।

স্ট্যাটাসে সাইমন লেখেন, ‘বাপ্পি চৌধুরী আমি ভিলেন হয়ে অভিনয় করব, তাও রাজি হ ভাই। চল একসাথে সিনেমা করি।’

এ বিষয়ে চিত্রনায়ক বাপ্পির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানে সাইমন ভাই সর্ম্পকে জানতে চাইলে আমি উত্তরে বলেছিলাম, সাইমন ভাই ভিলেন চরিত্রে অভিনয় করলে ভালো মানাবে। কারণ তার এই অভিনয়গুলো দর্শক ভালোভাবে নেন। এই বিষয়টিকে সাইমন ভাই হয়তো ‘ভিলেন’ মনে করেছেন।’ একসঙ্গে অভিনয় করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গল্প ভালো হলে একসঙ্গে কাজ করব। গল্প তো আগে মিলতে হবে।’