English Version
আপডেট : ২ এপ্রিল, ২০১৮ ১৫:২৭

চলচ্চিত্র দিবসের উপস্থাপনায় দেখা যাবে তাদের

অনলাইন ডেস্ক
চলচ্চিত্র দিবসের উপস্থাপনায় দেখা যাবে তাদের

এফডিসিতে ষষ্ঠবারের মতো জাতীয় চলচ্চিত্র দিবস পালন হতে যাচ্ছে মঙ্গলবার (৩ এপ্রিল)। জাঁকজমকপূর্ণভাবে দিবসটি পালন করতে দিনভর থাকছে নানা আয়োজন ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। চলচ্চিত্র দিবসের এই আয়োজনে উপস্থাপনা করবেন জনপ্রিয় তিন তারকা। তারা হলেন ফেরদৌস, পিয়া জান্নাতুল ও ইমন। চিত্রনায়ক ফেরদৌসকে গত কয়েক বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাচ্ছে।

সাবেক ‘মিস বাংলাদেশ’ পিয়া বলেন, চলচ্চিত্র দিবসে অনুষ্ঠানটি উপস্থাপনা করতে যাচ্ছি, কারণ অন্যান্যবারের তুলনায় এবার জমকালো আয়োজন হতে যাচ্ছে। তাছাড়া আমি এই চলচ্চিত্রের একজন নিবন্ধিত শিল্পী। সবমিলিয়ে আমার সঞ্চালনায় অনুষ্ঠানটি যেন প্রাণবন্ত বেশি হয়, সেই চেষ্টা করবো।

চিত্রনায়ক ইমন বলেন, অভিনয় মূল পেশা হলেও উপস্থানার জায়গাটা বেশ মজার। মাঝেমধ্যে চলচ্চিত্র সংশিষ্ট অনুষ্ঠানের উপস্থাপনা পেলে মিস করিনা।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান: ফেরদৌস ও পিয়া জান্নাতুলের উপস্থাপনা ছাড়াও মাঝেমধ্যে মঞ্চে দেখা যাবে আমিন খান, পূর্ণিমাকেও। এদিকে, আগামীকাল সকাল থেকেই এফডিসিতে নানা আয়োজনে পালন করা হবে এবারের চলচ্চিত্র দিবস। সকাল ৯ টা ৩০ মিনিটে এফডিসি চত্বরের মূল মঞ্চে চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেটি উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এরপর স্বাগত বক্তব্য রাখবেন তথ্য প্রতিমন্ত্রী, এফডিসির এমডি, তথ্য সচিব প্রমুখ। এবারের চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান হিসেবে থাকছেন হাসান ইমান। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে আরো থাকছে সকাল ১১ টায় র‍্যালী, ১১ টা ৩০ মিনিটে মেলা উদ্বোধন, ১২ টায় টক শো, রেড কার্পেট সংবর্ধনা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, বিকেল ৩ টায় সেমিনার ও ৫ টায় চিত্রতারকাদের উপস্থিতিতে সংস্কৃতিক অনুষ্ঠান।

সেখানে বিভিন্ন জনপ্রিয় গানে অংশ নেবেন রোজিনা, অঞ্জনা, সাইমন, মাহি, জায়েদ খান, পপি, রোমানা নীড়, জয় চৌধুর্লেন, সানজু জন, বিপাশা কবির, শিরিন শিলা, শিপন প্রমুখ।

চলচ্চিত্র দিবস পালন উপলক্ষে এফডিসিতে উৎসবের আমেজ বিরাজ করছে। এফডিসির মূল ফটক থেকে প্রায় প্রতিটি ফ্লোর সাজানো হয়েছে লাল, নীল, হলুদ বাতি দিয়ে। এছাড়া এফডিসির বিভিন্ন অলিগলির রাস্তায় আঁকা হয়েছে নানা আলপনা। বিশেষ করে রাতের এফডিসির চেহারাই পাল্টে গেছে। শিল্পী সমিতি ও তার সংলগ্ন পুরো বাগান সাজানো হয়েছে নানান রঙে বাতি দিয়ে।