সালমানকে দীপিকার কড়া জবাব!
নিজের মানসিক অবসাদ নিয়ে কোনওদিন লুকোছাপা করেননি দীপিকা পাড়ুকোন। প্রকাশ্যেই একাধিকবার চোখের জল পড়েছে তাঁর। সেই সময়ের কথা স্মরণ করলে এখনও চোয়াল শক্ত হয়ে যায় বলিউডের ‘পদ্মাবতী’র।
তবে নায়িকার প্রকাশ্যে এভাবে অবসাদের কথা বলা অনেকেরই পছন্দ নয়। বিশেষ করে বলিউডের সুলতান সালমান খানের। এ নিয়ে পরোক্ষে নায়িকাকে খোঁটাও দিয়েছেন তিনি।
সম্প্রতি মানসিক অবসাদ নিয়ে সলমনকে প্রশ্ন করা হয়েছিল। যার উত্তরে নায়ক বলেন, ‘অবসাদ, দুঃখ কিংবা আবেগপ্রবণ হওয়ার বিলাসিতা আমি করতে পারব না কারণ আমার সঙ্গে যাই হোক না কেন, তা সবসময় আমাকে খারাপ হিসেবেই তুলে ধরে।’
নায়কের এ কথাতেই ক্ষিপ্ত হয়েছেন দীপিকা। সম্প্রতি অবসাদ নিয়ে একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন বলিউডের মস্তানি। সেখানেই যেন মনের ক্ষোভ উগরে দেন নায়িকা।
বলেন, ‘মানসিক অবসাদ কোনওভাবেই বিলাসিতা নয়। অনেকে ভাবেন যাদের অনেক টাকা-পয়সা কিংবা প্রতিপত্তি রয়েছে, তাঁরাই কেবল এই মানসিক রোগের শিকার হয়ে থাকেন। কিন্তু এটা একদমই ভুল ধারণা। এ রোগ সমাজের যে কোনও স্তরের মানুষের হতে পারে। প্রত্যেকেই একইরকম যন্ত্রণা ভোগ করেন। তাই মানসিক অবসাদ নিয়ে মানুষের ভুল ধারণা ভাঙা প্রয়োজন।’
নাম না বললেও নিজের এই মন্তব্যে যেন সালমানকে বিঁধলেন দীপিকা পাড়ুকোন। এমনটাই মনে করছেন অনেকে। এমনিতেই বলিউডে ‘নেপোটিজম’ নিয়ে করণ জোহর-কঙ্গনা রানাউতের মৌখিক যুদ্ধ সর্বজনবিদিত। প্রকাশ্যেই একে অন্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন দুই তারকা। তাতে অবশ্য করণকেই বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
শেষমেশ চাপে পড়ে কিছুটা নতজানু হতে বাধ্য হয়েছিলেন প্রযোজক। দীপিকা-সালমানের এই মনোমালিন্য অবশ্য সেই স্তরে পৌঁছায়নি। তবে ঠান্ডা যুদ্ধ একটা লেগেই গিয়েছে বলে মনে করছেন সিনেবোদ্ধারা।


