English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৮ ১৯:৫২

এবার অভিষেক আরজে হিসেবে

অনলাইন ডেস্ক
এবার অভিষেক আরজে হিসেবে

এবার রেডিওতে আরজে হিসেবে অভিষেক হচ্ছে অভিনেত্রী মিথিলার। এ খবর অনেক আগে জানা গেলেও অবশেষে এপ্রিলে শুরু হচ্ছে কাজ। ‘বেড়ে ওঠার গল্প’ নামের অনুষ্ঠানটি শুরু হচ্ছে ৪ এপ্রিল। ব্র্যাক আর রেডিও স্বাধীনের যৌথ প্রযোজনায় শুরু হচ্ছে অনুষ্ঠানটি। এতে মিথিলা কথা বলবেন শিশুর প্রারম্ভিক বিকাশ নিয়ে।

এর মাধ্যমে আরজে হিসেবেও আত্মপ্রকাশ ঘটছে তার। আগামী ৪ এপ্রিল থেকে প্রতি বুধবার রেডিও স্বাধীনে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত 'বেড়ে ওঠার গল্প' শোনাবেন মিথিলা।

এ বিষয়ে মিথিলা বলেন, শিশুর মানসিক বিকাশের বিষয়ে কেউ ভাবে না। শিশুর বিকাশ ও বৃদ্ধির মধ্যে কিন্তু পার্থক্য আছে। কিন্তু আমরা মা-বাবারা ভাবি শিশু শারীরিকভাবে বেড়ে উঠলেই সব স্বাভাবিকভাবে এগোয়। কিন্তু বিকাশের দিকে আমরা নজর দেই কয়জন? এসব বিষয়ে স্পষ্ট ধারণা দিতেই আমরা কথা বলব রেডিও স্বাধীনের অনুষ্ঠানে।

শিশুর প্রারম্ভিক বিকাশ বিশেষ করে শিশুর যত্ন, বিকাশ, শিক্ষা ও বেড়ে ওঠার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবেন বিশেষজ্ঞরাও। ০৯৬৬৬৯২৪৯২৪ নাম্বারে ফোন করে অংশ নেওয়া যাবে অনুষ্ঠানে। কুইজে অংশগ্রহণ ও জিতে নিয়ে মিথিলার সঙ্গে শিশু বিকাশ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ থাকছে।

উল্লেখ্য, সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে নতুনভাবে গুছিয়ে নিয়েছেন মিথিলা। সংসারের ঝুট-ঝামেলা এখন খুব একটা নেই। নেই কোন পিছুটান। তাইতো অভিনয় এবং চাকরি- দুটাই সমানভাবে সামলাতে পারছেন তিনি। দীর্ঘদিন ধরেই ব্র্যাক ইন্টারন্যাশনাল নামে একটি এনজিওতে চাকরি করছেন মিথিলা। ‘আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ প্রজেক্টের প্রধান হিসেবে কাজ করছেন তিনি। চাকরির সূত্রে শিশুদের নিয়ে কাজ করার সুযোগ হয়ে উঠেছে তার।