English Version
আপডেট : ২৪ মার্চ, ২০১৮ ১৪:৪৬

পরীমনির নির্দেশনায় শাকিব

অনলাইন ডেস্ক
পরীমনির নির্দেশনায় শাকিব

কয়েকদিন আগেই প্রযোজনায় নাম লিখিয়েছেন জনপ্রিয় নায়িকা পরীমনি। তার প্রযোজনা সংস্থার নাম ‘সোনার তরী মাল্টিমিডিয়া’। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে থাকছেন এই অভিনেত্রী। সংস্থাটি থেকে প্রথম সিনেমা নির্মাণ করবেন মালেক আফসারী। নাম ঠিক না হওয়া সিনেমাটিতে পরীর বিপরীতে অভিনয় করার কথা শাকিব খানের।

পরিচালক মালেক আফসারী জানান, ‘পরীর প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিনেমা করার কথা ছিল আমারই। শর্ত দিয়েছিলাম, শাকিব খান না হলে সিনেমাটি করব না। গত সপ্তাহে পরী আমার শর্তে রাজি হয়েছেন। এরই মধ্যে শাকিবের সঙ্গে কথাও বলেছেন। শিগগিরই শুটিংয়ের ডেট দেবেন শাকিব।’ সিনেমাটির শুটিং শুরু হবে মে মাসে।

জানা যায়, অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন পরীমনি। সেক্ষেত্রে ছবি নির্মাণের সময় শাকিবসহ পুরো ইউনিটকে যাবতীয় নির্দেশনা দিতে দেখা যাবে এই অভিনেত্রীকে।

অ্যাকশন ঘরানার সিনেমাটির কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। ইতোমধ্যে সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ শুরু হয়েছে। একই প্রযোজনা সংস্থার দ্বিতীয় সিনেমা ‘ক্ষত’। শামীম আহমেদ রনী পরিচালিত সিনেমাটিতে পরীমনির বিপরীতে দেখা যাবে জায়েদ খানকে।