দীপিকার জন্য চাকরি যাচ্ছে ভারতীয় ক্রিকেট কর্মকর্তার!
শোবিজ তারকারা যে পদ-পদবিতে না থাকলেও অনেক ক্ষমতা রাখেন সেটা যেন আবার দেখিয়ে দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। তার জন্য এবার চাকরি যেতে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক নবাগত কর্মকর্তার। নাম প্রিয়া গুপ্তা। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন মার্কেটিং জেনারেল ম্যানেজার। কিন্তু চাকরিতে যোগদানের আগেই তা যেতে বসেছে!
তাঁকে নিয়োগ করার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন বিসিসিআইয়ের কার্যকরী সচিব অমিতাভ চৌধুরী। আর সেটা দীপিকার জন্যই!
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, অমিতাভ বিসিসিআই সিইও রাহুল জোহরিকে এই ব্যাপারে একটি ইমেইলও করে দিয়েছেন। সেই মেইলেই তিনি পরিষ্কার করে দিয়েছেন, কেন তিনি প্রিয়ার নিয়োগের বিরুদ্ধে। তিনি জানিয়েছেন, দীপিকাকে নিয়ে বছর কয়েক আগে একটি লেখা লিখেছিলেন প্রিয়া। সেই লেখায় তিনি বলি-সুন্দরীকে রীতিমতো আক্রমণ করেছিলেন। সেই বিতর্কিত লেখাটির কথা উল্লেখ করে অমিতাভ প্রিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি এও বলেন, এমন হাই প্রোফাইল চাকরির জন্য প্রিয়া যোগ্য নন।
জানা গেছে, প্রিয়া ওই লেখাটি লিখেছিলেন ২০১৪ সালে। একটি দৈনিকে সেটি প্রকাশিত হয়েছিল। সেই লেখার সঙ্গে যুক্ত দীপিকার একটি ছবির ক্যাপশনে বক্ষ-বিভাজিকার উল্লেখ করে বক্র ইঙ্গিত করা হয়েছিল। স্বাভাবিকভাবেই এমন ব্যাপারকে ভালভাবে নেননি দীপিকা। তিনি জানিয়েছিলেন, ‘‘হ্যাঁ, আমি এক জন নারী। তাই আমার ওটা আছে। এতে আপনাদের সমস্যা কোথায়?’’
প্রিয়া এর পরে দীপিকার সেই মন্তব্যকেও আক্রমণ করেন ও কটূক্তি করেন। তবে পরে সেই ঘটনার জের ধীরে ধীরে স্তিমিত হয়ে যায়। এতদিন বাদে আবার সেই লেখাটিকে কেন্দ্র করে নতুন চাকরি খোয়াতে পারেন প্রিয়া।


