পরীমনিই হতে যাচ্ছেন শাবানা!
গ্ল্যামার আর অভিনয় গুণে দর্শকদের নজর কেড়েছেন পরীমনি। চলচ্চিত্রে অভিষেকের পর থেকেই একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। এ নায়িকার বচনভঙ্গী ও স্টাইল বেশ পছন্দ পরিচালকদের। তাই একাধিকবার প্রশংসায় ভাসলেও এবারের প্রশংসাটা নতুন করে উজ্জীবিত করবে পরীমনিকে। কারণ এই নায়িকার মধ্যেই যে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানাকে খুঁজে পান জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।
২০০৯ সালে এ নির্মাতার ‘মনপুরা’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নয় বছর পর এই নির্মাতার দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ এপ্রিল। তার আগে ছবির সব কলাকুশলীকে নিয়ে ঘরোয়া আড্ডার আয়োজন করেন সেলিম। পরীমনি, নবাগত নায়ক ইয়াশ রোহান (সানাই), ফজলুর রহমান বাবু, কৃষ্ণকলি, নূরুল আলম আতিক ছাড়াও সেখানে আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় পরীমনির সম্পর্কে সেলিম বলেন, কোনো একটি বিষয় বুঝিয়ে দিলে পরী চট করে আয়ত্ত করে ফেলে, ওকে আমি বলি কুইক লার্নার। এটি খুব কম শিল্পীর মধ্যে দেখা যায়।
একজন শিল্পী যখন কুইক লার্নার হয়, তখন সে অনেককিছু করতে পারে। পরীমনিও তেমন। তার অভিনয়ের তুলনা হয় না। আমার বিশ্বাস পরীমনিই একদিন শাবানা হবে। আমি ওর মধ্যে আগামীর শাবানাকে খুঁজে পাই।
এ নির্মাতা আরো বলেন, অনেকেই বলেন পরীমনি নাকি সিডিউল ফাঁসিয়ে দেয়। কিন্তু আমি প্রায় দুই বছর ধরে এই ছবির সাথে ওকে রেখেছি। কখনও সে এমনটা করেনি। সকাল ৮টায়ই সে সেটে আসতো। রাত ৯টা পর্যন্ত শুটিং করতো।
গিয়াস উদ্দিন সেলিমের এমন প্রশংসার সময় পাশেই ছিলেন পরীমনি। এমন একজন গুণী নির্মাতার কাছ থেকে এ প্রশংসা শুনে রীতিমত আকাশ থেকে পড়েন পরীমনি! সঙ্গে সঙ্গে তিনি হাঁটু গেড়ে বসে পড়েন, নির্মাতা সেলিমকে শ্রদ্ধা জানান।


