English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৮ ১৭:৪৫

আসছে টাইটেল গান

অনলাইন ডেস্ক
আসছে টাইটেল গান

শাকিব-শুভশ্রী জুটির আলোচিত ছবি ‘চালবাজ’। এ ছবির মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধলেন তারা। গত ৩ মার্চ এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় এ সিনেমার ট্রেইলার।

মুক্তি পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে ট্রেইলারটি। মুক্তির চার দিনেই এটি  চার লক্ষ ভিউয়ারের মাইলফলক স্পর্শ করেছে। ট্রেইলারের রেশ কাটতে না কাটতেই এবার আসছে সিনেমাটির টাইটেল গান।

এমনটা জানিয়েছে ভারতীয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার প্রকাশ হবে সিনেমাটির টাইটেল গান। সিনেমাটি এপ্রিলে ভারতে মুক্তি পাওয়ার কথা। বাংলাদেশে সাফটা চুক্তির আওতায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগেই পোস্টার-ট্রেইলার দিয়ে আলোচনায় এ সিনেমা। এখন সিনেমাটির টাইটেল গান কেমন সেটি দেখার অপেক্ষায় ভক্তরা।

উল্লেখ্য, সিনেমাটি মুক্তির আগে যৌথ প্রযোজনা নিয়ে বিতর্কের মধ্যে আছে। শুরু থেকে জানা গিয়েছিল এটি যৌথ প্রযোজনার সিনেমা। কিন্তু ট্রেইলারে দেখা যায় এটি কলকাতার একক সিনেমা।

বিষয়টি নিয়ে ভারতের এসকে মুভিজের ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা বলেন, ‘ছবির শুটিংয়ের আগেই যৌথ প্রযোজনার নিয়ম মেনে অনুমতি চেয়েছিলাম। একাধিকবার চেষ্টা করেও অনুমতি পাইনি। এ কারণেই চালবাজ কলকাতার ছবি হিসেবে ঘোষণা করতে হচ্ছে।’