English Version
আপডেট : ৫ মার্চ, ২০১৮ ১৩:৪৩

‘অনেক বড় শিক্ষা পেয়েছি, ভালো থাকুক তারা’

অনলাইন ডেস্ক
‘অনেক বড় শিক্ষা পেয়েছি, ভালো থাকুক তারা’

গত বছরের মে মাসে ১১ বছরের সংসার জীবনের ইতি টানেন শোবিজ জগতের জনপ্রিয় দম্পতি তাহসান-মিথিলা। বিয়ের আগে চুটিয়ে প্রেমও করেছিলেন এ জুটি। ফেইসবুক পেইজে বিচ্ছেদের ঘোষণার পর থেকেই বছরজুড়ে আলোচনায় ছিলো এ জুটির বিচ্ছেদ। তবে সবকিছুকে ছাপিয়ে নতুন বছরে নিজেদের কাজ নিয়েই ব্যস্ত তাহসান-মিথিলা। যে যার মতো নিজেকে গুছিয়ে নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন চলচ্চিত্রাঙ্গন। আপাতত বিচ্ছেদের সেই ক্ষত কাটিয়ে ওঠার দুঃসহ অভিজ্ঞতা ভক্তদের শেয়ার করেছেন মিথিলা।

ফেইসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, যারা বিভিন্নভাবে আমাকে আঘাত করেছেন, প্রতারণা করেছেন, পেছন থেকে ছুরিকাঘাত করেছে ও অসময়ে আমাকে ছেড়ে চলে গেছেন তাদের ধন্যবাদ দিই। সেই সময়টায় জীবনের অনেক বড় শিক্ষা পেয়েছি। তবে এই পরিস্থিতির কারণে আরো শক্তিশালী হতে পেরেছি।

তিনি আরও লেখেন, “আমি প্রার্থনা করি, যারা আমার সঙ্গে এসব করেছে, সৃষ্টিকর্তা যেন তাদের ব্যক্তিগত জীবনে শান্তিতে রাখে।”

সম্প্রতি শিশুদের কল্যাণের জন্য রেডিও স্বাধীন-এর ‘বেড়ে উঠার গল্প’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছেন মিথিলা। এছাড়াও একটি এনজিও প্রতিষ্ঠানের ‘আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ প্রজেক্টের প্রধান হিসেবে কর্মরত এই অভিনেত্রী।

সমান তালে অভিনয়ও চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি কলকাতার পার্থ সেনের পরিচালনায় ‘মুখোমুখি’ নামে এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

উল্লেখ্য, তাহসান ও মিথিলা ২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। আইরা তেহরীম খান তাহসান-মিথিলা দম্পতির একমাত্র সন্তান। তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়ায়। বিয়ের পর এ জুটি একাধিক নাটকে অভিনয় করেছেন। ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘মধুরেন সমাপয়েত’ নাটকসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি। নাটক ছাড়াও এ জুটি একসঙ্গে গানও গেয়েছেন।