পানিতে ডুবে মৃত্যু হয়েছে শ্রীদেবীর
শনিবার রাতে দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৪ বছর বয়সী শ্রীদেবীর মৃত্যু হয় বলে জানিয়েছে তাঁর পরিবার। কিন্তু ফরেন্সিক রিপোর্টে বলা হচ্ছে শ্রীদেবী দুর্ঘটনার কারণে বাথটাবের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। এছাড়াও তার শরীরে এলকোহল পাওয়া গেছে। তিনি মাতাল ছিলেন বলে মনে করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের জনন্দিন গণমাধ্যম গালফ নিউজ।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, শ্রীদেবী গোসল করতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন। ফলে বাথটাবের পানিতে ডুবে তিনি শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যবরণ করেন। শরীরে এলকোহল থাকার কারণে শরীরের অন্যান্য অঙ্গ সেসব কার্য ক্ষমতা হারিয়ে ফেলে বলে গালফ নিউজ ফরেন্সিক প্রতিবেদনের সূত্র দিয়ে উল্লেখ করে।
মাত্র চার বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন শ্রীদেবী। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালায়ালাম ও কানাড়া ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি সেই বিরলপ্রজ অভিনেত্রীদের একজন, যাঁর সিনেমা বক্স অফিসে ব্যবসাসফল হতো প্রতিষ্ঠিত নায়কের উপস্থিতি ছাড়াও।
১৯৬৩ সালের ১৩ আগস্ট তামিলনাড়ুতে জন্ম শ্রীদেবীর। পারিবারিক নাম শ্রী আম্মা আয়াঙ্গার ইয়াপ্পান। তবে সিনেমার জগতে তিনি শ্রীদেবী নামেই পরিচিতি পান। তামিল ছবি ‘থুনাইভান’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয়ের শুরু। প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে খ্যাতি পান বেবি ডল নামে। ১৯৭১ সালে মালায়ালাম সিনেমা ‘পুমপাত্তা’তে অভিনয় করে পান কেরালার সেরা শিশুশিল্পীর পুরস্কার।
১৯৭৫ সালে ১২ বছর বয়সে তাঁর প্রথম হিন্দি ছবি ‘জুলি’। ‘জুলি’তে নায়িকার ছোট বোনের চরিত্রে অভিনয় করে বলিউডের পরিচালকদের দৃষ্টি কাড়েন শ্রীদেবী। পরের বছরই তামিল সিনেমায় তাঁকে দেখা যায় নায়িকার চরিত্রে। ‘সোলভা সাওয়ান’ সিনেমার মাধ্যমে ১৯৭৯ সালে হিন্দি চলচ্চিত্রে নায়িকা চরিত্রে অভিষেক ঘটে শ্রীদেবীর। তবে ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘হিম্মতওয়ালা’র মাধ্যমে বলিউডে তাঁর জয়যাত্রা শুরু হয়। পাঁচ দশকের অভিনয় জীবনে ভারতের বিভিন্ন ভাষার তিন শতাধিক চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন তিনি। এর মধ্যে রয়েছে মিস্টার ইন্ডিয়া, লামহে, চাঁদনী, চালবাজ, নাগিনা, সাদমা, জাঁবাজ, কার্মা, তোহফা, মাওয়ালি, জাস্টিস চৌধুরীর মতো তুমুল জনপ্রিয় চলচ্চিত্র। কমল হাসান, রজনীকান্ত, জিতেন্দ্র, ঋষি কাপুর, অনিল কাপুর, মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চনের মতো অভিনেতাদের সঙ্গে তাঁর জুটি দর্শকপ্রিয়তা পায়।
বৈচিত্র্যময় এ অভিনয়শিল্পী ১৯৯৭ সালে তাঁর ‘জুদাই’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর চলচ্চিত্রকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন। এরপর দীর্ঘ ১৫ বছর কোনো অভিনয় করেননি। কিন্তু ২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’ সিনেমার মাধ্যমে আবার চলচ্চিত্রে ফেরেন। ২০১৭ সালে সর্বশেষ তাঁকে ‘মম’ সিনেমায় দেখা গেছে। তবে তাঁর শেষ সিনেমা ‘জিরো’, তাঁর সঙ্গে অভিনয় করেছেন শাহরুখ খান; সিনেমাটি মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর।
শ্রীদেবী ১৯৯৬ সালে বিয়ে করেন বলিউডের প্রযোজক বনি কাপুরকে। পরের বছরই বড় মেয়ের জন্ম। ২০১৩ সালে ভারত সরকার তাঁকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পদকে ভূষিত করে। অভিনয়ের জন্য তিনি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন পাঁচবার। ২০১৫ সালে পেয়েছেন ফিল্ম ফেয়ার গ্ল্যামার অ্যান্ড ফ্যাশন অ্যাওয়ার্ড।


