English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৮ ১৯:১৭

‘শোবিজে কাজের জন্য পারিবারিক সাপোর্ট বেশি প্রয়োজন’

অনলাইন ডেস্ক
‘শোবিজে কাজের জন্য পারিবারিক সাপোর্ট বেশি প্রয়োজন’

জনপ্রিয় টিভি অভিনেত্রী সুমাইয়া শিমু। অভিনয় জগতে তার পথচলা এক যুগেরও বেশি। দর্শকদের জনপ্রিয় অনেক নাটক উপহার দিয়েছেন তিনি। মাঝে কিছু সময় তাকে অভিনয়ে দেখা যায়নি। 

২০১৭ কেমন কাটল এ অভিনেত্রীর? জানতে চাইলে সুমাইয়া শিমু বলেন, গেল বছরের মাঝা-মাঝি সময়ে অভিনয়ে কিছুটা অনিয়মিত হয়ে পড়ি। তবে বছরের শেষদিকে এসে আবার নতুনভাবে শুরু করি। সবার সহযোগিতা ও ভালোবাসায় এখন নিয়মিত কাজ করছি। অভিনয় আমার সবটা জুড়ে, তাই অভিনয় থেকে দূরে থাকতে পারি না। গত বছর তেমন পরিকল্পনা করে কাজ না করলেও নতুন বছর তার কিছু ইচ্ছে ও পরিকল্পনা রয়েছে।

শিমু আরো বলেন, পারিবারিকভাবে যখন একজন শিল্পীর কোনো সমস্যা না থাকে তখন স্বাচ্ছন্দ্যে কাজ করা যায়। শোবিজে কাজের জন্য পারিবারিক সাপোর্ট খুব বেশি প্রয়োজন। আমার পারিবারিক সমস্যাগুলো এরই মধ্যে সমাধান করেছি। এ বছরে বেশকিছু চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করব। ২০১৮ হবে আমার কাজের বছর। সংখ্যা বাড়ানোর জন্য কাজ না করে ভালো কাজে মনোযোগী হতে হবে এমনটাই মনে করেন এ অভিনেত্রী।

দীর্ঘদিন অভিনয়ে নিজের জায়গা ধরে রাখা নিয়ে শিমু বলেন, বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হবে। একটি নির্দিষ্ট সীমানার মধ্যে থাকলে একসময় দর্শক তার কাছ থেকে দূরে সরে যাবে। গ্ল্যামারের পাশাপাশি শোবিজে কাজের মধ্য দিয়েই টিকে থাকতে হয় বলে বিশ্বাস করেন সুমাইয়া শিমু। এ মুহূর্তে তিনি কয়েকটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন। পাশাপাশি অম্লান বিশ্বাসের ‘শূন্যতা’ নামে একটি ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করছেন।