English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৭ ১৬:০৬

২০১৭ সালে শোবিজ অঙ্গনে বিবাহ ও বিচ্ছেদের গল্প

অনলাইন ডেস্ক
২০১৭ সালে শোবিজ অঙ্গনে বিবাহ ও বিচ্ছেদের গল্প

২০১৭ সাল শোবিজ তারকাদের বিচ্ছেদের খবর ছিল আলোচনার শীর্ষে। তবে এসবকে ছাপিয়ে অনেকেই গাঁটছাড়াও বেঁধেছেন।  এ বছর শোবিজ অঙ্গনে তারকাদের বাস্তব জীবনের উত্থান পতন নিয়ে এই আয়োজন।

বিবাহ

*   ১৭ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন পরিচালক আশিকুর রহমান। কনে মেহের মৌরি।

*    ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেন গায়িকা বাঁধন সরকার পূজা।

 *   ২৬ মার্চ বিয়ে করলেন লাক্স তারকা তাসনুভা এলভিন। বর ফাহাদ রিয়াজী একজন মার্চেন্ডাইজার।

*   ৩০ জুন বিয়ে করেন মডেল-অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বর অস্ট্রেলিয়াপ্রবাসী প্রযোজক সাব্বির চৌধুরী।

*   ১০ বছরের প্রেমের পর ২৭ জুলাই বিয়ে করেন কণ্ঠশিল্পী সভ্যতা ‘ব্ল্যাক’ ব্যান্ডের ড্রামার সামিউল ওয়াহিদ শোভনকে।

*   ২৪ আগস্ট বিয়ে করেছেন লাক্স তারকা মেহরিন ইসলাম নিশা। বর সৈয়দ নাঈম আহমেদ। দুজনই একসঙ্গে পড়েছেন রাজউক উত্তরা মডেল কলেজে।

*   আগস্টে তৃতীয়বারের মতো বিয়ে করেছেন নায়িকা ময়ূরী। সঠিক তারিখ জানা যায়নি। বর মাদরাসা শিক্ষক জুয়েল আহমেদ।

*   সেপ্টেম্বরে বিয়ে করলেন ‘পাওয়ার ভয়েস’ বিজয়ী সজল। কনে দীর্ঘদিনের বান্ধবী শাফাফ কাশফি।

*   ১০ সেপ্টেম্বর বিয়ে করেন গায়ক-সুরকার হূদয় খান। কনে মালয়েশিয়াপ্রবাসী হুমায়রা। এটি হূদয়ের তৃতীয় বিয়ে।

*   ২৯ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেন মডেল-অভিনেত্রী বেনজীর ইশরাত আঁখি। পাত্র যুক্তরাজ্যপ্রবাসী নাজমুল হাসান তারেক।

*   ৩ নভেম্বর বাগ্দান হয় অভিনেত্রী শামীমা তুষ্টির। বর আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ইউপিএসের হেড অব সেলস সাজ্জাদুল ইসলাম ফামি। দীর্ঘ ১৮ বছরের পরিচয় দুজনের।

*   ৪ নভেম্বর বিয়ে করেন উপস্থাপিকা আমব্রিন সারজিন। বর কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরী। ছয় মাসের প্রেমের পর এই বিয়ে।

*   ১ ডিসেম্বর বিয়ে করলেন র্যাম্প মডেল ও অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি। বর আবদুল্লাহ আজমিও র্যাম্প মডেল।

*   ৭ ডিসেম্বর বিয়ে করেন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত গায়িকা রন্টি দাশ। বর নোঙর ব্যান্ডের ভোকালিস্ট ও গিটারিস্ট সাইদ রহমান। 

বিচ্ছেদ

হাবিব-রেহান

২০১১ সালে চট্টগ্রামের মেয়ে রেহানকে বিয়ে করেন গায়ক-সুরকার হাবিব ওয়াহিদ। এ বছর বিচ্ছেদ হয় তাঁদের। পাঁচ মাস পর বিচ্ছেদের সত্যতা স্বীকার করেন হাবিব। এই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে—আলিম ওয়াহিদ।

নিলয়-শখ

দীর্ঘদিনের প্রেমের পর গত বছর বিয়ে করেছিলেন নিলয় আলমগীর ও আনিকা কবির শখ। এক বছর যেতে না যেতেই বিচ্ছেদে পৌঁছেছেন তাঁরা। এখনো মুখ খোলেননি দুজনের কেউই। বিচ্ছেদের সঠিক তারিখও জানা যায়নি।

তাহসান-মিথিলা

দুই বছর তাঁরা আলাদা ছিলেন। ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা জানিয়েছেন দুজনই। এই তারকা দম্পতির ১১ বছরের বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ায় ভীষণ হতাশ হয়েছেন ভক্তরা। উত্সাহী কয়েকজন ফেসবুকে ইভেন্ট পর্যন্ত খুলেছেন ‘তাহসান-মিথিলার ডিভোর্স মানি না, মানব না’ শিরোনামে। বিচ্ছেদের পর মেয়ে আইরা মা মিথিলার  সঙ্গেই থাকছে।

নোভা-রায়হান

২০১১ সালে নির্মাতা রায়হান খানকে বিয়ে করেন অভিনেত্রী নোভা ফিরোজ। ২৬ আগস্ট ঢাকা জজকোর্টে দুজনই ডিভোর্স পেপারে সই করেন। দেড় মাস পর বিচ্ছেদের খবর প্রকাশ করেন তাঁরা। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে।

স্পর্শিয়া-রাফসান

২০১৫ সালে নির্মাতা রাফসান আহসানকে বিয়ে করেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। পরের বছরই তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং আলাদা থাকতে শুরু করেন। এ বছর ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ হয়।

মিলা-সানজারি

১০ বছর প্রেমের পর ১২ মে বৈমানিক পারভেজ সানজারিকে বিয়ে করেন গায়িকা মিলা ইসলাম। চার মাস পরই বিচ্ছেদের গুঞ্জন ওঠে। শুরুতে অস্বীকার করলেও ৬ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুকে মিলার ঘোষণা, ‘হ্যাঁ, আমি ডিভোর্স দিয়েছি। ’

প্রসূন-সান

এ বছর বিয়ে ও বিচ্ছেদের খবর একসঙ্গেই দিলেন প্রসূন আজাদ। গত বছর পরিবারকে না জানিয়ে অস্ট্রেলিয়ায় বিয়ে করেন প্রেমিক মোহাইমিন সানকে। এ বছর প্রসূনকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন সান। বিচ্ছেদের কারণ জানা যায়নি।

শাকিব-অপু

সন্তান জয়কে সঙ্গে নিয়ে টিভি লাইভে জানালেন শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ের খবর। এই লাইভে আসাকে কেন্দ্র করেই আট বছরের দাম্পত্যজীবনে অশান্তির শুরু। ৪ ডিসেম্বর শেষটা করলেন শাকিব, এদিন অপুকে ডিভোর্স লেটার পাঠান।