English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭ ১৬:৪৮

নিজের প্রথম পিরিয়ডের অভিজ্ঞতা জানালেন রাধিকা আপ্তে!

অনলাইন ডেস্ক
নিজের প্রথম পিরিয়ডের অভিজ্ঞতা জানালেন রাধিকা আপ্তে!

বাংলাদেশ হোক কিংবা ভারত, ঋতুস্রাব নিয়ে কথা বলাকে এখনও বাঁকা চোখে দেখা হয়। কয়েকদিন আগে সোনম কাপুর তার ঋতুস্রাবের অভিজ্ঞতার কথা বলেছিলেন গণমাধ্যমে। এবার একই প্রসঙ্গে খোলামেলা কথা বললেন বলিউড নায়িকা রাধিকা আপ্তে। তার আসন্ন ‘প্যাডম্যান’ সিনেমার প্রচারণায় এসে নিজের প্রথম মাসিকের অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি। বরাবরই সোজাসাপ্টা কথা বলেন ‘অহল্যা’ অভিনেত্রী রাধিকা। এর আগে নিজের নগ্ন ছবি ফাঁস হওয়ার বিতর্কেও সরাসরি মন্তব্য করতে দ্বিধা করেন নি। এবার তার প্রথম মাসিকের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, অন্যান্য মেয়েদের মতো তার ক্ষেত্রে এমনটা ঘটেনি। তার প্রথম মাসিক হওয়ার অভিজ্ঞতা আর পাঁচজন মেয়ের থেকে একেবারেই আলাদা। তিনি বলেন, তার বাড়ির বেশিরভাগ সদস্যই চিকিৎসক। আর তাই প্রথম থেকেই তাকে এ বিষয়ে জানানো হয়েছিল। তবে প্রথম ঋতুস্রাব হওয়ার পর তারও ভয় করেছিল। কিন্তু তার সে ভয় ভাঙিয়ে দিয়েছিলেন বাড়ির অন্যান্য সদস্যরা। রাধিকা আরও জানান, তার প্রথম ঋতুস্রাব হওয়ার খবরে সকলেই তাকে উপহার দিয়েছিল। বাড়িতে একপ্রকার পার্টির আয়োজন করা হয়েছিল। তাদের আসন্ন সিনেমা ‘প্যাডম্যান’ ঋতুস্রাব নিয়ে থাকা বিভিন্ন দ্বিধা, কুসংস্কার, রক্ষণশীলতাগুলিই ভাঙাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন অভিনেত্রী।