আনুষ্কার রিসিপশনের শাড়ির দাম কত?
দিল্লির রিসেপশনের পরে এ বার পালা মুম্বইয়ের। তবু এখনও দিল্লির গল্প চলছে। বিরুষ্কার রূপকথা-সম বিয়ে ও তাকে ঘিরে আসমুদ্র হিমাচলের মেতে ওঠা এক অন্য মাত্রা পায় ২১ ডিসেম্বরের রিসেপশনের দিন। স্বয়ং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উদযাপিত হয়েছিল সেদিনের অনুষ্ঠান। কয়েকজন ভিআইপি ও ঘনিষ্ঠ আত্মীয়-বান্ধবদের উপস্থিতি ছিল সেখানে। কিন্তু তার বাইরে থাকা অসংখ্য মানুষ চর্চায় ছিল সেদিনের অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়া সরগরম থেকেছে এই মেগা ইভেন্টকে নিয়ে। আলোচনায় ছিল আনুষ্কার লাল শাড়ি নিয়েও। সেই লাল শাড়ির রহস্যভেদ করেছে দৈনিক ভাস্কর.কম। তারা একটি প্রতিবেদনে প্রকাশ করেছে অনুষ্কার লাল রংয়ের শাড়িটির প্রকৃত মূল্য ও তাকে ঘিরে থাকা আশ্চর্যজনক সব তথ্য। জানিয়েছে আনুষ্কার সেদিনের শাড়িটির নির্মাণে ব্যবহৃত হয়েছে খাঁটি সোনাও! যার ফলে তার দাম দাঁড়িয়েছে ৫ লাখেরও বেশি! তবে কেবল সোনার পাত ব্যবহার করা হয়েছে বলেই দাম বেড়েছে, তা নয়। আসলে ওই লাল বেনারসি বানিয়েছে বেনারসের বিখ্যাত পিলিকোঠি অঞ্চলের কারিগররা। ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই অঞ্চলের কারিগররা নিজেদের কাজে আশ্চর্য রকম দক্ষ। একটি ডিজাইন থেকে যে শাড়ি তৈরি হয়, তা আর পুনর্ব্যবহৃত হয় না। হয়তো আদলটা নেওয়া হল, কিন্তু অবিকল একই রকম হবে না। সবার আগে ডিজাইনার শাড়ির লে আউট তৈরি করেন। তার পর বেনারসি শাড়ির বিশেষজ্ঞ সেই শাড়ির ফাইনাল সেটিং তৈরি করে দিলে শুরু হয় কাজ। পুরো শাড়িটি তৈরি করতে লেগে যায় ৬০ দিন!


