‘কিশোরী বয়সে যৌন হয়রানির শিকার হয়েছিলাম’
পরিচালক-প্রযোজকদের দ্বারা অভিনেত্রীদের যৌন হেনস্তার বিরুদ্ধে গত কয়েক মাস ধরেই সরব হলিউড-বলিউড। #MeToo এর মাধ্যমে বিশ্বের অনেক নামী অভিনেত্রীই ইতিমধ্যে তাদের সঙ্গে ঘটে যাওয়া নানা বাজে অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। এমনকী, যৌন হেনস্তার বিরুদ্ধে কয়েকদিন আগে হলিউডের রাস্তায় তারা মিছিলও করেছেন। একাধিক অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে অস্কার বোর্ড থেকে বহিষ্কার করার পর থেকে আরও বেশি সরব হয়ে উঠেছেন এসব নারী। এরই ধারাবাহিকতায় এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি। বিদ্যা বালান বলেন, ‘কিশোরী বয়সে আমিও যৌন হয়রানির শিকার হয়েছিলাম। একদিন সকালে ফুল তুলতে গেলে আচমকাই এক ব্যক্তি আমার শরীর স্পর্শ করে। কিছু আন্দাজ করার আগেই ওই ব্যক্তি আমার গোপন অঙ্গে হাত দেয়।' নায়িকা আরও বলেন, সেদিন তিনি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বাবা-মাকে সমস্ত ঘটনার কথা খুলে বলেন। কিন্তু, অভিযুক্ত ব্যক্তিকে ওইদিন তাঁরা খুঁজে পাননি বলেও জানান বিদ্যা। তবে ওই ধরনের ঘটনা খুলে বলার স্বাধীনতা তাঁর ছিল। প্রত্যেক শিশুকে সেই স্বাধীনতা দিতে হবে বলেও মনে করেন তিনি। সাক্ষাৎকারে যৌন হেনস্তাকারীদের শাস্তির জোর দাবিও জানান বিদ্যা। তিনি বলেন, যৌন হেনস্তার মুখে পড়লে কড়াভাবে তার প্রতিবাদ করতে হবে। হেনস্তা নিয়ে চুপ করে বসে থাকলে চলবে না। এ বিষয়ে পরিবারের সবাইকে জানাতে হবে এবং শাস্তির ব্যবস্থা করতে হবে দোষীর। বিশেষ করে কিশোরী বয়সে। শুধু কর্মক্ষেত্রে নয়, বিভিন্ন জায়গায় মেয়েরা যৌন হেনস্থার সম্মুখীন হন। এবার তার প্রতিবাদ করার সময় এসেছে বলেও মন্তব্য করেন বলিউডের ওই জনপ্রিয় অভিনেত্রী।


