English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭ ১৬:০৭

এফডিসি ভাঙার বিনিময় ৯ কোটি টাকা

অনলাইন ডেস্ক
এফডিসি ভাঙার বিনিময় ৯ কোটি টাকা

জনসাধারণের যাতায়াতের সুবিধার জন্য ঢাকার বিভিন্ন জায়াগায় চলছে মেট্রোরেলের কাজ। যার ফলশ্রুতিতে বিভিন্ন স্থাপনা সরাতে বা ভাঙ্গতে হচ্ছে। এরই অংশ হিসেবে ভাঙা পড়বে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মূল ফটক। এফডিসির ১৩ শতাংশ জায়গা মেট্রোরেলের কারণে ছেড়ে দিতে হবে বলে জানিয়েছে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন। আমির হোসেন বিডি২৪লাইভকে আরও বলেন, ‘এফডিসির দক্ষিণ পাশের কিছু অংশ ভাঙা পড়বে। এতে করে আমাদের এখন যে গেট আছে, সেই গেটও ভাঙা পড়বে। আমাদের প্রায় ১৩ শতাংশ জায়গা রেলের কাছে চলে যাবে।’ তিনি আরো বলেন, ‘আমরা গত সপ্তাহে কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পেয়েছি। আমরা এরই মধ্যে প্রস্তুতি নিয়েছি, জায়গা খালি করে রেখেছি। যেকোনো সময় ভাঙলে আমাদের কোনো সমস্যা নেই।’ এ ব্যাপারে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘১৩ শতাংশ জায়গা এফডিসির বেহাত হবে। তবে যে অংশটুকু যাচ্ছে সেটি খুব বেশি কাজে লাগে না বলেই মেনে নিচ্ছি। পাশাপাশি ওই জায়গার বদলে বড় অংকের টাকাও পাওয়া গেছে যা দিয়ে এফডিসির উন্নয়ন কার্যক্রম চলবে। বিষয়গুলো নিয়ে আমরা তথ্যসচিব এবং এমডির সঙ্গে কথাও বলেছি। আশা করছি দ্রুতই এফডিসির উন্নয়নে এ অর্থ খরচ করতে পারবে কর্তৃপক্ষ।’ সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন বলেন, ‘ওই জায়গাটুকু পতিত বলতে পারেন। এছাড়া এমনি এমনি নিচ্ছে না, ক্ষতিপূরণ পাওয়া যাচ্ছে। যতদূর জেনেছি নয় কোটি টাকা পাওয়া গেছে।’ এদিকে নতুন প্রবেশদ্বার কোথায় বানানো হবে—জানতে চাইলে এম ডি আমির হোসেন বলেন, ‘আমাদের যেহেতু নতুন একটি বহুতল বিল্ডিং করার পরিকল্পনাও আছে, আমরা এখন যে গেট নির্মাণ করব, তা পরের বহুতল বিল্ডিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে করছি। এখন গেটটি চলে আসবে দক্ষিণ অংশের মাঝামাঝিতে, মেট্রোরেল ও ফ্লাইওভারের নিচে হবে গেটটি।’