English Version
আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৭ ১২:২৬

অন্তর জ্বালার হল বুকিং ঈদের আমেজকেও হার মানায় !

অনলাইন ডেস্ক
অন্তর জ্বালার হল বুকিং ঈদের আমেজকেও হার মানায় !

দিনে দিনে হলমুখী হচ্ছেন দর্শকরা। একের পর এক ভালো ছবি নির্মাণ হওয়ায় হলগুলো দর্শক টানতে সফল হচ্ছে। মুক্তির আগেই রেকর্ড গড়েছে মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবিটি। জায়েদ খান-পরীমনি অভিনীত এই ছবিটি সারাদেশের ১৭৫টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। হল সংখ্যা আরো বাড়তে পারে। ছবিটি মুক্তি দিতে হল মালিকদের এমন আগ্রহ ঈদের আমেজকেও হার মানায়। বিজয় দিবস উপলক্ষে আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘অন্তর জ্বালা’।

এর আগে কোন ছবি একসঙ্গে এতগুলো হলে মুক্তি পায়নি। বদিউল আলম খোকনের ‘রাজাবাবু’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৬৪টি সিনেমা হলে। সেটিই ছিলো সর্বাধিক হলে মুক্তি পাওয়া ছবির শীর্ষে। এবার রাজাবাবুকে হটিয়ে সেই জায়গা দখল করছে ‘অন্তর জ্বালা’।

প্রয়াত চিত্রনায়ক মান্নার এক অন্ধ ভক্তকে নিয়ে নির্মিত হয়েছে ‘অন্তর জ্বালা’। যে ভক্ত ছিল মান্নার সিনেমা দেখার পাগল। মান্নার সেই ভক্তের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। যিনি এই চরিত্রের জন্য নিজেকে আমূল পরিবর্তন করেছেন। পরীমনির চরিত্রটিও বেশ মাধুর্যময়। বলা হচ্ছে ছবিটি জায়েদ-পরীর ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে।

প্রয়াত চিত্রনায়ক মান্নার পরিবেশনা সংস্থা কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে মুক্তি পেতে যাচ্ছে ‘অন্তর জ্বালা’। এই ছবিতে আরও অভিনয় করছেন নবাগত জয় চৌধুরী, মৌমিতা মৌ, প্রয়াত খল অভিনেতা মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলী, বড়দা মিঠু ও চিকন আলী।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর সন্ধ্যায় ‘ছোট ছোট কিছু আশা’ শিরোনামে ‘অন্তর জ্বালা’র টাইটেল সং ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে। এস আই টুটুল ও ন্যান্সির গাওয়া গানটির সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছেন জায়েদ-পরী। এছাড়াও এরআগে ইউটিউবে মুক্তি পাওয়া ‘অন্তর জ্বালা’ ছবির টিজারটি সকলের প্রশংসা কুড়ায়। টিজার ও গান দেখেই বুঝা যাচ্ছে দর্শকরা একটি ভালো ছবি উপহার পেতে যাচ্ছে।