English Version
আপডেট : ২১ নভেম্বর, ২০১৭ ০০:০৪

সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন অপু বিশ্বাস !

অনলাইন ডেস্ক
সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন অপু বিশ্বাস !

ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি দুটি ছবিতে অভিনয়ের কথা জানিয়েছিলেন তিনি। ‘কানা গলি’ ও ‘কাঙ্গাল’ ছবি দুটির মাধ্যমেই দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নায়িকা। কিন্তু সেটি এখন সম্ভব হচ্ছে না। ছবি দুটি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি।

অন্য কোন কারণ নয়, শারীরিক অসুস্থতার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। গত ১৬ নভেম্বর রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান তিনি। এতে সিজারের সময় করা সেলাই ফেটে রক্ত বের হয়। প্রাথমিকভাবে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার সকালে কলকাতায় পৌঁছান ওপু বিশ্বাস। সেখানে চিকিৎসা শেষে গত শনিবার ঢাকায় ফেরেন তিনি। চিকিৎসকরা তাকে ৩-৪ মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘ডাক্তার বলে দিয়েছেন এখন থেকে ভারী কোনো কাজ এবং শরীরে ঝাঁকুনি লাগে এমন কিছু করা যাবে না। জিমের সময় ওয়েট লিফটিং করতাম। সেটি করতেও নিষেধ করেছেন। এমনকি চলচ্চিত্রে অভিনয় করতে গেলে নাচ বা ছোটাছুটির দৃশ্যেও কাজ করতে নিষেধ করেছেন। তবে হালকা কাজ করতে পারব।’

তিনি আরো বলেন, ‘শারীরিকভাবে ফিট হতে আমার এখনো ৩-৪ চার মাস সময় লাগবে। এরপর আমি সিনেমায় কাজ করতে পারব। স্বাভাবিকভাবে সব কিছু করতে পারব। কিছু দিন আগে দুইটি সিনেমায় কাজ করার কথা বলেছিলাম। সেসব সিনেমার প্রযোজকদের ৩-৪ মাস অপেক্ষা করানোটা অন্যায় হবে। তাই বাধ্য হয়েই দুটো সিনেমার কাজ ছেড়ে দিচ্ছি। এটা আমার কাছেও খারাপ লাগছে।’

উল্লেখ্য, এরই মধ্যে ‘কাঙ্গাল’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। শুটিংয়ের তারিখও নির্ধারণ করা হয়েছিলো। তবে ছবি দুটিতে অপু বিশ্বাসের অভিনয়ের কথা মৌখিকভাবে চূড়ান্ত হলেও তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি।