English Version
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৭ ১৬:৩৬

মিমের জন্য অপেক্ষা শাকিবের!

অনলাইন ডেস্ক
মিমের জন্য অপেক্ষা শাকিবের!

ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান দেশের গোন্ডি পেরিয়ে বর্তমানে যৌথ প্রযোজনা এবং ভারতের একক প্রযোজিত ছবির শুটিংয়ে বেশ ব্যস্ত। সম্প্রতি টালিগঞ্জের ‘মাস্ক’ ছবির শুটিংয়ের তিনি অবস্থান করছেন থাইল্যান্ডে। ‘মাস্ক’-এ ঢালিউড সুপারস্টারের বিপরীতে অভিনয় করছেন ভারতের জনপ্রিয় দুই নায়িকা। একজন নুসরাত অন্যজন সায়ন্তিকা।

কথা ছিল ভারতীয় এই দুই নায়িকার বিপরীতে ‘মাস্ত’-এর গানের শুটিং শেষ হবে ১২ নভেম্বর। এরপর সেখানেই শাকিবের সঙ্গে যুক্ত হবেন বাপ্পির ‘সুইট হার্ট’ বিদ্যা সিনহা মিম। উত্তম আকাশের ‘আমি নেতা হব’র গানের শুটিংয়ে ১৩ নভেম্বর থাইল্যন্ডে থাকার কথা ছিল মিমের। কিন্তু সেটা আর হলো না। তাইতো মিমের জন্য শাকিবকে অপেক্ষা করতে হচ্ছে থাইল্যন্ডে।

জানা গেছে ভিসা সংক্রান্ত কারণে মিম নির্দিষ্ট সময়ে দেশ ছাড়তে পারেননি।  যে কারণে সময় মতো শাকিবের ‘আমি নেতা হব’র শুটিংও শুরু হয়নি।  এ জন্য শুধু মিমই নয়, আটকে গেছেন এই ছবির নির্মাতা উত্তম আকাশও।

তবে নির্মাতা সূত্রে খবর রয়েছে খুব শীঘ্রই এসব সমস্যার সমাধান হবে এবং তারা থাইল্যান্ডে পৌছাবে। অন্যদিকে মিমের মনে রয়েছে আরেক অশান্তি। এই ছবির জন্য তার অন্য ছবির শিডিউলের ঝামেলা সৃষ্টি হবে বলে মনে করছেন লাক্স সুন্দরী।

এ প্রসঙ্গে মিম বলেন, ‘ভিসা-ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হয়েছে। এখনো ভিসা পাওয়া যায়নি। কবে থাইল্যান্ডে যাবো সেটি এখনো চূড়ান্ত হয়নি। ওদিকে আমার অন্য ছবির শুটিংয়ের তারিখ ঘনিয়ে আসছে। কি যে করবো কিছুই বুঝতে পারছিনা।’

এদিকে বিষয়টি নিয়ে উত্তম আকাশ বলেন, ‘ভিসা ছাড়াও বিদেশের শুটিং করতে গেলে যেসব নিয়মকানুন মানতে হয়, সবকিছুর জন্য আবেদন করা হয়েছে। আশা করছি সবকিছু চূড়ান্ত হতে আরো দু-তিন দিন সময় লাগবে।’

উল্লেখ্য, ‘আমি নেতা হব’ ছবিতে শাকিব ও মিম ছাড়া আরো অভিনয় করছেন নব্বই দশকের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী।  ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।