ট্রোলড হলেন রণবীর!
সোশ্যাল মিডিয়ায় তারকাদের ট্রোল নতুন নয়। ট্রোলিংয়ের তালিকায় রোজই যোগ হচ্ছে নতুন নতুন সেলিব্রিটির নাম।
এবার সেই তালিকায় যোগ হল রণবীর সিংহের নাম। কিছু দিন আগেই চুল কেটে একটি ছবির চরিত্রের জন্য আলাউদ্দিন খিলজির চেহারা থেকে রণবীর সিংহের নিজস্ব রূপে ফিরেছিলেন অভিনেতা। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন মজা করে। ফের শুক্রবার সেই পুরনো লম্বা চুলের হেয়ারস্টাইলে আরও একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন রণবীর। সেই ছবির ক্যাপশনের লেখা নিয়েই এবার তোলপাড় সোশ্যাল মিডিয়া। দিনভর ট্রোলড হলেন অভিনেতা। রণবীর ক্যাপশনে লিখেছেন, 'লুসিং মাই রিলিজিয়ন। ' যার বাংলা তর্জমা 'নিজের ধর্মটা হারিয়ে ফেলছি। '
এমনিতেই রণবীরের আগামী ছবি নিয়ে বিতর্কের শেষ নেই।
এরই মধ্যে বিতর্ক উস্কে অভিনেতার এমন মন্তব্য। যদিও ক্যাপশনে অভিনেতার লেখার উদ্দেশ্য কী তা পরিষ্কার নয়। জানা্ গেছে, নতুন ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করছেন রণবীর। শেষ দু’বছর ধরে সেই চরিত্রের মধ্যেই বাস করছিলেন নায়ক। চেহারা থেকে হাবভাব- সবেতেই খিলজির ছোঁয়া রয়েছে রণবীরের লুকে। পরিস্থিতি এমন হয়েছিল যে, তাঁকে মনোবিদেরও পরামর্শ নিতে হয়েছিল।
অর্থই যাই হোক, আপাতত রণবীরের পোস্ট নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। লাইক আর কমেন্টের বন্যার মাঝেই কেউ কেউ আবার মনে করিয়ে দিয়েছেন ‘লুসিং মাই রিলিজিয়ন’ আসলে আমেরিকান ব্যান্ড ‘আরইএম’-এর একটি জনপ্রিয় গান। কিন্তু কারও কারও মন্তব্য, ...যেখানে এমন একটা সংস্কারী চরিত্রের মধ্যে দু’বছর ধরে ঢুকে রয়েছেন তাতে ধর্ম কেন, মনুষত্ব হারিয়ে ফেলাও অস্বাভাবিক নয়...। কেউ আবার তাঁকে সোনু নিগমের সঙ্গেও তুলনা করেছেন।


