আসছে ‘হালদা’
আগামী শুক্রবার পর্দায় আসছে তৌকীর আহমেদ পরিচালিত ছবি ‘হালদা’। ছবিটি এখন সেন্সর বোর্ডে জমা আছে। নভেম্বরের মধ্যেই এটি ছাড়পত্র পাবে বলে আশা প্রকাশ করেন ছবির পরিচালক তৌকীর আহমেদ। তিনি বলেন, আমরা বিজয়ের মাসের প্রথম দিন ছবিটি মুক্তি দেব।
ছবিটির মুক্তি পরিকল্পনা নিয়ে তৌকীর আরো বলেন, ‘আমার ইচ্ছে, ছবিটি বাণিজ্যিকভাবেও সফল হোক। এর পরিবেশনার জন্য অভি কথাচিত্র আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। অন্তত ৩০-৪০টি প্রেক্ষাগৃহে যেন এটি মুক্তি পায়- সেই ব্যবস্থা করতে চাই।’
‘হালদা’ ছবির গল্প লিখেছেন আজাদ বুলবুল। চিত্রনাট্য তৌকীরের। হালদা নদী ও সেখানকার প্রান্তিক মানুষের জীবনবৈচিত্র্যই ছবিটির বিষয়বস্তু। দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। মা মাছেরা এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে এখানে ডিম ছাড়ে। এই নদীর গতি-প্রকৃতি, নদীতীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে গল্পে।
এই ছবিতে জাহিদ হাসানকে দেখা যাবে খলচরিত্রে। মোশাররফ থাকছেন জেলের ভূমিকায়। আর তাদের সঙ্গে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন স্বপ্নবাজ তরুণীর চরিত্রে। এ ছাড়া আছেন দিলারা জামান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, রুনা খানসহ অনেকে। প্রযোজনায় আমরা ক’জন। সংগীত পরিচালনায় পিন্টু ঘোষ।
তৌকীর আহমেদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ‘অজ্ঞাতনামা’ ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে দেখানো হয়েছে। এ ছাড়া ইতালিসহ কয়েকটি উৎসবে পুরস্কৃত হয়েছে। তার অন্য ছবিগুলো হলো ‘দারুচিনি দ্বীপ’, ‘জয়যাত্রা’ ও ‘রূপকথার গল্প’।


