‘ভবঘুরে’ হয়ে ফ্রান্সে ঘুরবেন পূর্ণিমা
এখনো অভিনয় করেন, কিন্তু চলচ্চিত্রে নয়। বিভিন্ন টিভি নাটক বা টেলিফিল্মে অভিনয় করতে দেখা যায় তাকে। অথচ একসময় রীতিমতো দাপিয়ে বেড়িয়েছেন চলচ্চিত্রের ক্যামেরার সামনে। কাজ দিয়ে নিজের ঝুলিতে বন্দি করেছেন সর্বচ্চো সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ইতোমধ্যেই বুঝতে আর বাকি নেই কার কথা বলা হচ্ছে। ‘মনে মাঝে তুমি’র নায়িকা পূর্ণিমার কথা ভাবছেন তো। হ্যা এই নায়িকার কথায় বলা হচ্ছে। দীর্ঘদিন পর এই নায়িকা আবারো চলচ্চিত্র অভিনয়ে ফিরছেন। এরইমধ্যে নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
অপেক্ষা ছিল ভালো গল্প ও চরিত্রের। এবার সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে এই নায়িকার। কারণ পছন্দ মতো ভাল গল্প ও চরিত্র খুজে পেয়েছেন তিনি। তাইতো ‘ভবঘুরে’ নামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন পূর্ণিমা।
ছবিটির শুটিংয়ের জন্য কয়েকদিনের মধ্যে পূর্ণিমা উড়াল দেবেন ইউরোমের দেশ ফ্রান্সের উদ্দেশ্যে। কারণ ছবিটির শুটিং হবে সেখানেই। এজন্য অ্যাম্বাসিতে নিজের পাসপোর্ট জমাও দিয়ে দিয়েছেন তিনি।
‘ভবঘুরে’ নির্মাণ করবেন ‘লালটিপ’-এর নির্মাতা স্বপন আহমেদ। পূর্ণিমার অভিনয় করার বিষয়টিও গো নিউজকে নিশ্চিত করেছেন স্বপন আহমেদ নিজেই।
ছবিটির গল্পে পূর্ণিমাকে দেখা যাবে ফ্রান্সে বেড়ে ওঠা একটি মেয়ের চরিত্রে। জীবন যুদ্ধে নানা ভাবে এগিয়ে যেতে দেখা যাবে ‘হৃদয়ের কথা’র এই নায়িকাকে। নভেম্বরের মাঝামাঝি সময়ে ফ্রান্সেই ‘ভবঘুরে’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। এ পর্যন্ত এই নায়িকার অভিনীত প্রায় ১০০টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ২০১০ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।


