English Version
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৭ ১৩:১৬

বিয়ে করবেন তানজিন তিশা!

অনলাইন ডেস্ক
বিয়ে করবেন তানজিন তিশা!

মনের মতো মানুষ পেলে বিয়ে করবেন মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। এ মুহূর্তে মাথার মধ্যে নাকি তার এ বিষয়টি একদমই নেই, কিন্তু তিনি বিয়ে করবেন। গতকাল দেশের একটি অনলাইন মিডিয়ার সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। আলোকচিত্রী রফিকুল ইসলাম রাফের পরিচালনায় গত সোমবার রাতে নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ‘অল অ্যাবাউট তানজিন তিশা’ নামে একটি ভিডিও আপলোড করেছেন তিশা। ভিডিওতে তার ফটোশুট দেখানো হয়। এ ছাড়া নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিশা।

তিশার মডেলিং ও অভিনয় জগতে আসার পেছনে তার মায়ের অবদান সবচেয়ে বেশি বলে ভিডিওতে জানান তিনি। তিশা বলেন, ‘আমি আজকে এখানে বসে আছি এটা শুধু আমার মায়ের জন্য।’ তবে ক্যারিয়ারের শুরুর দিকে তিশার বাবা তাকে সমর্থন দেননি। প্রায় দুই বছর তার সঙ্গে নাকি ঠিকমতো কথাও বলতেন না তিনি।

এ প্রসঙ্গে তিশা বলেন, ‘আব্বু জাস্ট এসব হেইট করত। কিন্তু আব্বু যখন দেখেছে তার মেয়ে সম্মান রেখে মিডিয়ায় কাজ করছে, ভালো ভালো কাজ করছে। তার কলিগদের কাছ থেকে আমার ও আমার কাজ সম্পর্কে ভালো কিছু শুনছে, তখন আব্বুর আচরণ একদম বদলে যায়। আব্বু এখন টিভিতে আমার শো দেখে, নাটক দেখে। মায়ের সমর্থন তো ছিলই, আবার আব্বুর না থেকে হ্যাঁ হওয়া, এই বিষয়টাও আমাকে কাজ করতে অনেক অনুপ্রাণিত করেছে।’

ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওটির শিরোনাম ‘অল অ্যাবাউট তানজিন তিশা’। এ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে তিশা বলেন, ‘এটা খুব মজা নিয়ে আমি করেছি। আমরা তো পোর্টফোলিওর জন্য ফটোশুট করে থাকি। আমি ভাবলাম, পোর্টফোলিওর সঙ্গে নিজের কিছু কথাবার্তা থাকলে ভালো হয়। তবে এই কাজটা করার ধারণা অন্য আরেকজনের কাছ থেকে আমি পেয়েছিলাম। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এটা করব।’

বর্তমানে তিশা নাটক ও মডেলিংয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে সম্প্রতি একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন বলেও জানান তিনি। এ বিষয়ে তিশা বলেন, ‘ছবির নাম এখন প্রকাশ করতে চাই না। তবে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি, এটা মিথ্যা নয়। আমার ভিসা জটিলতার কারণে ছবির শুটিং এখনো শুরু করতে পারিনি। শিগগিরই ছবির শুটিং শুরু করব।’