নোয়াখাইল্লা মাইয়া বুবলি
ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এবার নোয়াখাইল্লা মাইয়ার চরিত্রে অভিনয় করছেন এই সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা বুবলি। ছবির নাম ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’। ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। সম্প্রতি এফডিসিতে একটি ডিসকো বারে মারপিটের দৃশ্য ধারণের মধ্য দিয়ে ছবির কাজ শুরু হয়েছে। এফডিসি ছাড়াও ঢাকার বিভিন্ন লোকেশনে হবে এর দৃশ্যধারণ।
মজার ব্যাপার হচ্ছে, এই ছবির শুরুর আগে নায়িকা বুবলিকে নোয়াখালী অঞ্চলের ভাষা রপ্ত করতে হয়েছে। এ প্রসঙ্গে স্থানীয় একটি অনলাইন মিডিয়াকে তিনি বলেন, ‘আমি আমার চরিত্রগুলোতে ইনভলব হতে চেষ্টা করি। এ মুভিটির ক্ষেত্রেও তাই হয়েছে। যেহেতু একটা অঞ্চলের ভাষা নিয়ে আলাদাভাবে কাজ করতে হচ্ছে। তাই সেসব বিষয়ে একটু বেশি নজর দিতে হচ্ছে। আর দৃশ্যধারণের সময় ডায়ালগ ডেলিভারি শেষ হলেই সেটে সবাই হাসাহাসি করছে। বিষয়গুলো নিয়ে অনেক বেশি মজা হচ্ছে। আর যেকোনো চরিত্রে আমি নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চাই। ওইদিক থেকে মনে হয় ভালোভাবেই কাজ হচ্ছে।’
এর আগে শাকিব খানের সঙ্গে বুবলি চারটি ছবিতে কাজ করেছেন। সব ক’টিই রোমান্টিক ও অ্যাকশন ঘরানার ছবি। তবে এ ছবিটি সম্পূর্ণ আঞ্চলিক ভাষার এবং কমেডি ধাঁচের। সংলাপ নিয়ে খেলার জায়গা আছে বলে মনে করেন বুবলি। জুটি প্রথা নিয়ে এক প্রশ্নের জবাবে বুবলি বলেন, ‘জুটি প্রথা অভিনয়ের দিক থেকে ইতিবাচক। কাজ করতে করতে দর্শক পছন্দ করেন। আমরা পঞ্চম ফিল্মে কাজ করছি। বিষয়টি হলো-স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করাটাই বেশ কঠিন। অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। তারপরও চেষ্টা থাকছে ভালো কাজ দিয়ে কীভাবে টিকে থাকা যায়।’
১১ অক্টোবর পর্যন্ত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির শুটিং করার পর শাকিব খান চলে যাবেন ‘চালবাজ’ ছবির শুটিংয়ে কলকাতায়। আর দেশে ফেরার পর বাকি অংশের শুটিং হবে। শবনম বুবলি এখন পর্যন্ত পাঁচটি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু কোনো বিগ বাজেটের ছবি বুবলির ক্যারিয়ারে নেই।
তবে বিষয়টি নিয়ে বুবলি বলেন, ‘যদি ওই রকম বিগ বাজেটের কথা বলি, অনেক প্রযোজকই আছেন যারা লগ্নি করছেন। অনেকেই আবার আগের মতো করেই চাচ্ছেন। এটা আসলে চিন্তাভাবনার বিষয়। যার কারণে নির্দিষ্ট কোনো ধারার বাজেটের মধ্যে দিয়ে ফিল্ম নির্মিত হচ্ছে না। তবে সেটি পরিবর্তন হচ্ছে। আর চাইলেই তো বড় বাজেটের ফিল্ম নিয়মিত বানানো সম্ভব নয়। একজন শিল্পী হিসেবে সব ধরনের ফিল্মেই তো কাজ করতে হবে। মনে হয় সামনে আসলে পরিবর্তন হবে। আমরা ভালো কাজের জন্য অনেক বেশিই অপেক্ষায় আছি।’


