English Version
আপডেট : ৯ অক্টোবর, ২০১৭ ০৬:৪৯

‘ঢাকা অ্যাটাক’ নিয়ে শাওনের স্ট্যাটাসের তীর কী ফারুকীর দিকে?

অনলাইন ডেস্ক
‘ঢাকা অ্যাটাক’ নিয়ে শাওনের স্ট্যাটাসের তীর কী ফারুকীর দিকে?

দীপঙ্কর দীপনের পরিচালনায় গেল ৬ অক্টোবর মুক্তি পেয়েছে ‘ঢাকা অ্যাটাক’। মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি বিভিন্ন রেকর্ড গড়তে সক্ষম হয়েছে। দর্শক ছবিটি দেখে প্রেক্ষাগৃহ থেকে বের হয়েই নিজেদের মন্তব্য জানাচ্ছেন বিভিন্ন ভাবে। কেউ ‘ঢাকা অ্যাটাক’-এর ফেসবুক পেজে জানাচ্ছেন প্রতিক্রিয়া, কেউ ফোন করে নির্মাতা অথবা সংশ্লিষ্ট কাউকে জানাচ্ছেন নিজের মতামত। কেউবা আবার নিজের ফেসবুক পেজে লিখছেন ছবিটি সম্পর্কে।

এই তালিকায় পিছিয়ে নেই সিনে অঙ্গনের মানুষেরাও। এমনই একজন হলেন চলচ্চিত্র অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তিনি ‘ঢাকা অ্যাটাক’ দেখে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের টাইলাইনে একটি স্ট্যাটাস দিয়েছেন। ‘ঢাকা অ্যাটাক’-এর নির্মাতা দীপঙ্কর দীপনকে উদ্দেশ্য করে শাওনের স্ট্যাটাসে উঠে এসেছে আরো অনেক বিষয়।

অনেকের ধারণা শাওনের স্ট্যাটাসের তীর চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর দিকে। কারণ ফারুকীর ‘ডুব’ নির্মাণের আগে ছবিটির গল্প নিয়ে শাওনের সঙ্গে ঝামেলা সৃষ্টি হয়েছিলো। শাওন দাবি করেছিলেন ‘ডুব’ নির্মাণ করা হচ্ছে তার স্বামী জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবন কাহিনী নিয়ে। কিন্তু ফারুকী এ বিষয়ে অস্বীকার করে গেছেন। 

শাওন ফেসবুকে লিখেছেন, ‘ছবি কিন্তু অনেক পছন্দ হয়েছে। পরিচালক দর্শকের জন্য ছবিটা বানিয়েছেন। ফিল্ম ফেস্টিভ্যালে নায়িকা নিয়ে ঘোরার জন্য বানাননি ছবিটি। গাদা গাদা বিদেশী সিনে ম্যাগাজিনের রিভিউ বেচার চেষ্টাও করেননি। তামিল ছবি কিংবা কারও জীবন কপি করেননি। বাংলাদেশের মতো স্বল্প পরিসরের কারিগরি রসদ নিয়ে আন্তর্জাতিক মানের ছবি বানানোর চেষ্টা করেছেন দীপক।’

তিনি আরো লিখেছেন, ‘আমার বাংলা সিনেমা না দেখা এনএসইউতে পড়া কর্পোরেট বন্ধুরাও ছবি দেখে আনন্দ পেয়েছেন। ‘টিকাটুলির মোড়’ গানটির সঙ্গে তাল মিলিয়েছেন। বোম নিষ্পত্তি এর পর নিজের অজান্তেই আমরা হল ভর্তি দর্শকের সাথে তালি দিয়েছি। অফিসার আশফাক এর অনাগত সন্তানের কথা ভেবে আবেগী হয়েছি। মানসিক ভাবে অসুস্থ জিসান এর ক্রুরতায় শিউরে উঠেছি।’

‘কৃষ্ণপক্ষ’র এই নির্মাতা বাংলাদেশ পুলিশকে প্রশংসা করে লিখেছেন, ‘দেশের জন্য বাংলাদেশ পুলিশ এর অবসরহীন দায়িত্ববোধ দেখে আপ্লুত হয়েছি। সত্যিকারের বেশকিছু পুলিশ অফিসার ছিলেন এই ছবিতে, প্রত্যেকের কাছ থেকেই সাবলীল অভিনয় বের করে নিয়েছেন পরিচালক।’

হুমায়ূন স্ত্রী আরো লিখেছেন, ‘পরীক্ষিত অভিনেতা শতাব্দী ওয়াদুদ এর পাশাপাশি এবিএম সুমন ছিলেন দুর্দান্ত। কথায় কথায় ‘ডাবল’ বলা নাম না জানা অভিনেতাও নজর কেড়েছে। আর জিসান চরিত্রে তাসকিন!!! আমার শৈশবের সরল সাদাসিধা বন্ধুটা এমন অসুস্থ একটা চরিত্রে যা করে দেখালো..! অঞ্জন, বন্ধু তুমি জন্মগত অভিনেতা।’

শেষ দিকে শাওন লিখেছেন, ‘সবশেষে পরিচালককে বলতে চাই... দাদা আপনি মুক্তিযুদ্ধের একটা ছবি বানান... দর্শক হিসাবে আমি অপেক্ষায় থাকব।’

উল্লেখ্য, সানী সানোয়ারের গল্পে ‘ঢাকা অ্যাটাক’-এ অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, নওশাবা, আলমগীর, আফজাল হোসেন, হাসান ইমাম, শতাব্দী ওয়াদুদ, শিপনসহ অনেকে।