English Version
আপডেট : ৫ অক্টোবর, ২০১৭ ১৬:৩৭

জন্মদিনে সুখবর দিলেন মোনালিসা

অনলাইন ডেস্ক
জন্মদিনে সুখবর দিলেন মোনালিসা

দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ মোনালিসা। দেশ ছেড়ে লন্ডনে প্রবাস জীবন পার করছেন তিনি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) তার জন্মদিন। বিডিমর্নিং পরিবারের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা। বিশেষ এই দিনে বিশেষ এক সুখবর দিলেন তিনি। আমেরিকায় সুন্দরী প্রতিযোগিতার বিচারক হলেন মোনালিসা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে মোনালিসা লিখেছেন, ‘বিচারক হওয়ার আমন্ত্রণ পেয়ে আমি গর্বিত। এটি আমার কাছে বিশেষ ও দারুণ একটি সম্মান। আন্তর্জাতিক বিচারক হিসেবে এখানে অংশ নেবো ভেবে আমি উচ্ছ্বসিত। বিশ্বের ৩৫টি দেশে অনুমোদিত মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড হলো ভারতের একমাত্র আন্তর্জাতিক প্রতিযোগিতা। এখানে বলিউড তারকারাও থাকবেন।’

নিউ জার্সির রয়েল আলবার্ট’স প্যালেসের দ্য প্লাজায় শুক্রবার (৬ অক্টোবর) আর গ্র্যান্ড বলরুমে আগামী (৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড ও মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড প্রতিযোগিতা। প্রথম দিন ইভেনিং গাউন আর দ্বিতীয় দিন ভারতীয় পোশাকে সেজে বিচারকদের সামনে আসবেন প্রতিযোগীরা।

উল্লেখ্য, আন্তর্জাতিক তারকা বিচারক প্যানেলে এবারই প্রথম কোন বাংলাদেশী স্থান পেলেন। বর্তমানে মোনালিসা আমেরিকার টাইম টেলিভিশনে হেড অব প্রোগ্রাম ও ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।