English Version
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:২৩

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ডিপজল

অনলাইন ডেস্ক
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ডিপজল

ঢালিউডের খলনায়ক চরিত্রের শক্তিশালী অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হবে। মঙ্গলবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে সিসিইউতে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা তাকে করোনারি কেয়ার ইউনিটিতে (সিসিইউ) ভর্তি করেন। তিনি ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।    বুধবার সকালে চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, আজ বুধবার বিকেলে ডিপজলকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে। বেলা তিনটা নাগাদ ডিপজলকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা দেবে। তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন তার স্ত্রী জবা ও মেয়ে অলিজা মনোয়ার।   ডিপজল নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রে অভিনয় করে তিনি ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি। তার হাতে কোটি টাকার প্রেম ও দুলাভাই জিন্দাবাদ শিরোনামের দুটি সিনেমা রয়েছে। এর মধ্যে মনতাজুর রহমান আকবর পরিচালিত দুলাভাই জিন্দাবাদ সিনেমাটির কাজ ইতিমধ্যেই তিনি সম্পন্ন করেছেন।   ছটকু আহমেদ পরিচালিত এক কোটি টাকা সিনেমার প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। এ সিনেমায় মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। অনি-বনি কথাচিত্রের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করছেন বাপ্পি চৌধুরী-শিরিন শিলাসহ অনেকে। এর চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ।