English Version
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৭ ১০:৫৮

শুভ-মাহির ‘টুপটাপ’ রসায়ন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
শুভ-মাহির ‘টুপটাপ’ রসায়ন (ভিডিও)

ঢাকাই চলচ্চিত্রের তারকা দুই অভিনয়শিল্পী আরিফিন শুভ ও মাহিয়া মাহি। দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে জুটি বেঁধেছেন তারা। গত রবিবার (১৭ সেপ্টেম্বর) টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ছবিটির ‘টুপটাপ’ শিরোনামের গানের ভিডিও। এতে শুভ-মাহির কেমিস্ট্রি দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

‘টুপটাপ’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এবারই প্রথম বাংলা সিনেমায় গাইলেন তিনি। গানটিতে অরিজিৎ’র সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সোমলতা আচার্য। গানের কথা লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। সুর ও সংগীত পরিচালনায় অরিন্দম। কোরিওগ্রাফি করেছেন সুমন রহমান।

গানের ভিডিওতে দেখা যাচ্ছে মালয়েশিয়ার সমুদ্রসৈকতে আরিফিন শুভ ও মাহিয়া মাহির রসায়ন। গানটিতে শুভ-মাহি’র রোমান্স দর্শক বেশ উচ্ছ্বাসের সঙ্গেই গ্রহণ করছেন। পাশাপাশি চমৎকার এই গানটিও দর্শক-শ্রোতাদের প্রশংসা পাচ্ছে। এর প্রমাণ মিলছে ইউটিউবে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ৩ লাখ ৯২ হাজার ৩ শত ৪৮ বার।

‘ঢাকা অ্যাটাক’ প্রসঙ্গে পরিচালক দীপঙ্কর দীপন বলেন, ‘দর্শকদের একটি পরিপূর্ণ বিনোদনমূলক সিনেমা উপহার দেবার চেষ্টা করছি। সেজন্য আমরা দিন-রাত এক করে কাজ করেছি। চেষ্টা করেছি দর্শকদের চাহিদার সবটুকু ‘ঢাকা অ্যাটাকে’ নিয়ে আসতে। রবিবার অরিজিৎ’র গান প্রকাশ পেল। গানটি প্রকাশের পর দর্শকদের সাড়া পেয়ে আমরা অভিভূত। আশা করি ছবি মুক্তির পরও দর্শকরা এভাবে আমাদের পাশে থাকবেন।’

আগামী ৬ অক্টোবর মুক্তি পাবে ‘ঢাকা অ্যাটাক’। এরইমধ্যে প্রকাশিত দুটি টিজার ও পোস্টার ছবিটিকে ব্যাপক আলোচনায় নিয়ে এসেছে। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি এবং আরিফিন শুভ। অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবিটিতে আরও অভিনয় করেছেন আলমগীর, আফজাল হোসেন, এবিএম সুমন, হাসান ইমাম, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, শিপন মিত্র প্রমুখ।

উল্লেখ্য, পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড এর নিবেদনে ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান থ্রি হুইলারস লিমিটেড। স্প্ল্যাশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। কনটেন্ট পার্টনার টাইগার মিডিয়া।

শুভ-মাহির ‘টুপটাপ’ রসায়ন (ভিডিও)