English Version
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:৫৯

শাকিবের নতুন নায়িকা রাহা তানহা

অনলাইন ডেস্ক
শাকিবের নতুন নায়িকা রাহা তানহা

বাংলাদেশের সুপার স্টার শাকিব খানের নায়িকা হতে কে না চায়? দর্শকরাও চায় পুরনোদের বদলে শাকিবের সঙ্গে নতুন নায়িকাদের জুটি হোক। কারণ একই জুটি বারবার তারা দেখতে চায় না। সে কথা মাথায় রেখেই হয় তো এবার শাকিবের নতুন ছবি ‘কেউ কথা রাখেনি’-তে নতুন নায়িকা রেখেছেন পরিচালক। নতুন এই নায়িকা হলেন রাহা তানহা। এ ছবির মাধ্যমেই রুপালি পর্দায় অভিষেক হচ্ছে উঠতি এ নায়িকার। নতুন এ ছবিটি পরিচালনা করছেন খ্যাতনামা পরিচালক উত্তম আকাশ। দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি।

গত রোববার ছবির নায়িকা হিসেবে শাপলা মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হন রাহা তানহা। চুক্তিবদ্ধ হয়েই অভিষেকে শাকিব খানের মতো একজন সুপারস্টারের সঙ্গে অভিনয় প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘জীবনের প্রথম সিনেমায় শাকিব খানের সঙ্গে সিনেমায় চুক্তি করেছি। এটা শুধু আমি কেন, যেকোনো নায়িকার জন্যই অনেক বড় প্রাপ্তি। এত বড় সুযোগ পাওয়ার জন্য নিজেকে ভাগ্যবতী মনে করছি। ধন্যবাদ প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়াকে। এখন আমার একমাত্র লক্ষ্য অভিনয়শৈলী দিয়ে দর্শকের মন জয় করা।’

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘অনেক দিন ধরেই নতুন নায়িকা খুঁজছিলাম। আমার লক্ষ্য, দর্শকদের সম্পূর্ণ নতুন মুখ দিয়ে চমকে দেওয়া। আশা করি, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে ভালোই করবে রাহা।’

রাহাকে প্রশংসায় ভাসান পরিচালক উত্তম আকাশও। তিনি বলেন, ‘রাহা দারুণ সম্ভাবনাময়। আমার ধারণা যদি ভুল না হয় তাহলে এটুকু অন্তত বলতে পারি, ঢাকাই সিনেমায় আলোচিত জুটি হিসেবে আবির্ভাব হতে যাচ্ছে রাহা-শাকিব জুটির।’ এর আগে বেশ কিছু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন রাহা তানহা খান।