শাকিবের সাথে অভিনয়, মিষ্টির শখ পূরণ হচ্ছে!
সম্প্রতি অভিনেত্রী মিষ্টি জান্নাত ঘোষণা দেন শাকিব খান তার সাথে ছবি না করলে তিনি আত্মহত্যা করবেন । আকস্মিকভাবে কেন এই ঘোষণা? চলতি বছরের ২৩ জুন বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি হচ্ছেন মিষ্টি জান্নাত। ছবির নাম আমি নেতা হব। পরিচালনা করবেন উত্তম আকাশ। শাপলা মিডিয়ার ব্যানারে ছবিটি নির্মিত হবে। তখন মিষ্টি জান্নাত বলেন, 'রোমান্টিক ও দেশপ্রেমমূলক কাহিনি নিয়ে এ ছবির গল্প আবর্তিত হয়েছে। অচিরেই এর শুটিং শুরু হবে।
কিন্তু নেতা হবো ছবিতে মিষ্টি অংশ নেননি। কেননা তিনি ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। কিন্তু মূল চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। সে সময় মিষ্টি কালের কণ্ঠকে বলেন, 'আমি নেতা হবো ছবিতে কাজ করছি না।
তবে মামলা, হামলা ছবিতে সাইন করেছি। সেখানে একক নায়িকা হিসেবে কাজ করতে যাচ্ছি। ' তবে আত্মহত্যা করার ঘোষণাকে পরে 'নিছক মজা' বলে উড়িয়ে জানালেন। নায়িকা ও প্রযোজক মিষ্টি জানালেন মজা করতেই তিনি এই স্ট্যাটাস দিয়েছেন। এটি আসলে শাকিবের সঙ্গে তার নতুন ছবি ‘প্রেমবাজ’র একটি সংলাপ। মিষ্টি জানান, শাকিব খানের সঙ্গে শিগগিরই তিনি অভিনয় করতে যাচ্ছেন ছবিটিতে। এটি পরিচালনা করবেন সজল আহমেদ। প্রযোজনা করবে তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান হ্যাভেন মাল্টিমিডিয়া। সবকিছু ঠিক থাকলে আসছে অক্টোবরেই শাকিবের নায়িকা হবার স্বাদ পূরণ হতে যাচ্ছে মিষ্টির।
এদিকে কলকাতার জনপ্রিয় নায়ক সোহমের সঙ্গে একটি ছবিতে অভিনয় করছেন মিষ্টি জান্নাত। ছবির নাম ‘আমার প্রেম তুমি’। আর মাত্র ৪/৫ দিন শুটিং করলেই ছবির কাজ শেষ হবে বলে জানালেন তিনি। এ ছাড়া তিনি যৌথ প্রযোজনার ছবি ‘তুই আমার রানি, আমি তোর রাজা’তে কাজ করছেন।


