নতুন রূপে নায়লা নাঈম!
খুব বেশি নাটক-সিনেমা বা বিজ্ঞাপনে দেখা না গেলেও জনপ্রিয়তায় অনেককে ছাড়িয়ে আছেন মডেল তারকা নায়লা নাঈম। ফেসবুকে তার ফ্যান ২৭ লাখ ৩৬ হাজার। বিশেষ করে নিজেকে খোলামেলাভাবে ক্যামেরার সামনে মেলে ধরা, সোশ্যাল মিডিয়ায় উত্তেজক ছবি পোষ্ট ও বিতর্কিত মন্তব্যের কারণে তিনি প্রায়ই আলোচনা-সমালোচনায় থাকেন। অনেকবার খবরের শিরোনাম হয়েছেন এসব কারণে।
সিনেমার আইটেম গানে নাচার পাশাপাশি টিভি নাটকে বছরে দুই একবার দেখা মেলে তার। আর এসব ছাপিয়ে এবার ঈদে নায়লা নাঈমকে দর্শকরা পাচ্ছেন নতুন আবহে ভিন্ন একটি মাধ্যমে। এবারই প্রথম তিনি অভিনয় করলেন সাত পর্বের একটি বিশেষ ওয়েব সিরিজে। ওয়েব সিরিজ মানে যে নাটকটি শুধুমাত্র প্রচার হবে ইন্টারনেট মাধ্যমে।
নায়লা নাঈমকে নিয়ে তেমনই একটি বিশেষ ওয়েব সিরিজ নির্মাণ করেছেন আর বি প্রীতম। এর নাম ‘দ্য লিস্ট’। আর এতে তিনি অভিনয় করেছেন একটি অত্যাধুনিক হাসপাতালের গ্ল্যামারাস নার্সের চরিত্রে।
এতে নায়লা ছাড়াও অভিনয় করেছেন এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় টিভি মুখ তৌসিফ এবং তামিম মৃধা। আরও আছেন চিত্রনায়িকা তমা মির্জা।
এতে অভিনয় প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, ‘ওয়েব সিরিজে এটা আমার প্রথম কাজ। এতে একটি বিশেষ চরিত্রে আমাকে দেখা যাবে। কাজটি করে বেশ ভালো লেগেছে। আমার ওয়েব বন্ধুরা বেশ মজা পাবেন আশা করছি। ’
সিএমভি’র ব্যানারে নির্মিত এবং মোশন রক-এর কারিগরি সহায়তায় ‘দ্য লিস্ট’ এর পর্বগুলো ধারাবাহিকভাবে সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রচার হবে ঈদের দিন থেকে টানা সাত দিন রাত ৭টায়। আর এটি একই সময়ে দেখা যাবে ভিডিও সাইট বাংলাফ্লিক্স-এ।


