শাশুড়ির বিপক্ষে আসিফ নজরুলের স্ট্যাটাস নিয়ে তোলপাড়!
খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবি নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। জনপ্রিয় কথাশিল্পী হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন আনুষ্ঠানিকভাবে অভিযোগ তোলায় এ নিয়ে সিনেমাপাড়া ব্যাপক তোলপাড়া চলছে।
এরই মধ্যে শাশুড়ি মেহের আফরোজ শাওনের বিপক্ষে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আসিফ নজরুল। ফলে এ বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। আসিফ নজরুলের স্ট্যাটাসটি নিম্নে হুবহু তুলে ধরা হলো-
‘কেন তথ্য মন্ত্রনালয়? ডুব ছবিতে আপত্তি জানালে জানাতে পারতো সেন্সর বোর্ড। তারা তা জানায়নি। এটি আপাতত আটকে দিয়েছে তথ্য মন্ত্রনালয়। এতে যারা অবাক হচ্ছেন তাদের মনে করিয়ে দিচ্ছি এদেশে কিন্তু এরকমই হচ্ছে অনেক দিন ধরে। এদেশে জাতীয় ক্রিকেট দল ঠিক করে দেন ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন (করার কথা নির্বাচনী বোর্ডের), ভারতের সাথে পানি বন্টন বিষয়ে কথা বলেন অর্থনৈতিক উপদেষ্টা (বলার কথা পানি মন্ত্রীর), অপরাধী ধরার নির্দেশ দেন প্রধানমন্ত্রী (করার কথা স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের)। ডুব ছবির প্রদর্শনীর বিষয়ে মন্ত্রনালয়ের আপত্তির নিন্দা করছি।’
প্রসঙ্গত, যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি সিনেমাটি অনাপত্তিপত্র স্থগিতের পর ‘ডুব’ নিয়ে নতুন বিতর্কের মধ্যে রবিবার নগরীর ধানমন্ডির বাসা ‘দখিনা হাওয়া’য় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শাওন।
এ সময় পরিচালক ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেন, ‘ডুব’ সিনেমায় হুমায়ূন আহমেদের জীবনের স্পর্শকাতর ঘটনা নেই, তা নির্মাতা স্পষ্টভাবে কোনো বক্তব্যে জানাননি। হুমায়ূন আহমেদের জীবনের স্পর্শকাতর ঘটনা থাকার যে আশঙ্কা আমি করেছিলাম তা সত্য বলেই মনে হচ্ছে। তবে আমি একজন নির্মাতা হিসেবে চাই না কোনো সিনেমা নিষিদ্ধ হোক। ‘ডুব’ সিনেমাটি বিতর্কিত অংশগুলো সংশোধন করে মুক্তি পেতে পারে।
তিনি অভিযোগ করেন, আমি তখনই সন্দিহান হয়ে উঠি যখন দেখি একই লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছেন। এ কারণেই আমি আমার আশঙ্কার কথা জানিয়ে সেন্সরবোর্ডকে চিঠি দিয়েছি।’


