অর্থ কেলেঙ্কারি: তাপস পাল ৩ দিনের রিমান্ডে
নিউজ ডেস্ক: অর্থ কেলেঙ্কারির ঘটনায় আটক অভিনেতা ও তৃণমূল সংসদ সদস্য তাপস পালকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে সিবিআই।
শনিবার ভুবনেশ্বরের সিবিআই’র বিশেষ আদালত এই নির্দেশ দেন। শুক্রবার তাপস পালকে আটক করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এদিন সকালে তাকে সল্টলেকের সিবিআই দফতরে ডেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের কর্মকর্তারা। কিন্তু তার বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় তাঁকে আটক করা হয়। এরপর শনিবার ভোরে তাপসকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে। কারণ রোজভ্যালির বিরুদ্ধে সিবিআই ভুবনেশ্বরের আদালতেই মামলা দায়ের করেছিল।
শনিবার দুপুরে তাকে ভুবনেশ্বরের খুরদায় সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হলে তাঁকে ৩ দিনের জন্য সিবিআই হেফাজতে থাকার নির্দেশ দেন আদালত।
প্রায় ৪৫ মিনিট ধরে চলা শুনানিতে তাপস পালের কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর চাওয়া হলেও তিনি প্রায় নীরবই ছিলেন। যদিও শুনানি চলাকালীন উইটনেস বক্সে কেঁদে ফেলেন তিনি। বিচারকের সামনে নিজেকে নির্দোষ বলেও দাবি করেন তাপস। তবে তাকে কাঁদতে দেখে বিচারক বসে যেতে বলেন। আদালতে শুনানি চলাকালীন সময়ে সেখানে উপস্থিত ছিলেন তাপসের স্ত্রী নন্দিনী পাল। আগামী মঙ্গলবার ফের তাকে আদালতে তোলা হবে।
এদিন সিবিআইয়ের আইনজীবী অরুণ আচার্য জানান, ‘তাপস পাল একজন সংসদ সদস্য ও সেলিব্রিটি হওয়ায় তাকে ফাঁসানো হয়েছে’।
সিবিআই সূত্রে খবর, সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন সময়ে ডিআইজি এন কে সিং, ভুবনেশ্বরের সিবিআই এসপি রাজীব রঞ্জন এবং এক তদন্তকারী কর্মকর্তা (আইও) তাপস পালকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে।


