English Version
আপডেট : ১৬ জুন, ২০১৬ ০৪:০৪

দেবের নায়িকা সাবা

অনলাইন ডেস্ক
দেবের নায়িকা সাবা

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করবেন দেব এই খবর পুরনো। কিন্তু খবরের সত্যতা পাওয়া যাচ্ছিল না। ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান ডিজিটাল মুভিজ ও কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস ব্যানারে অভিনয় করতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ-নায়ক দেব। ছবির নাম ‘চোখের জল।’ খবরটা ছিল সপ্তাহখানেক আগের। এবার এই খবরে নতুন চমক হিসেবে যুক্ত হলো সোহানা সাবার নাম।

ডিজিটাল মুভিজ জানায়, ছবির নায়ক-নায়িকা চূড়ান্ত হয়ে গেছে। দেব ও সাবা প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হবেন।

রোমান্টিক ও পারিবারিক গল্পে নির্মিত হবে ছবিটি। এর শুটিং শুরু হবে চলতি বছরের শেষ দিকে। ঢাকা, কলকাতাসহ এশিয়া ও ইউরোপের দৃষ্টিনন্দন কয়েকটি লোকেশনে ছবির চিত্রায়ন হবে এবং বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বেশ কয়টি দেশে ছবিটি মুক্তি দেয়া হবে।

ছবিটি কলকাতার পক্ষ থেকে নির্মাণ করবেন বাসুদেব। এ দেশের নির্মাতাসহ অন্য শিল্পীদের নাম শিগগিরই সংবাদ সম্মেলন করে জানানো হবে।

‘চোখের জল’ ছাড়া একই সঙ্গে এই দুই প্রযোজনা সংস্থা আরেকটি যৌথ আয়োজনের ছবি নির্মাণ করবে। এ ছবির শিরোনাম ‘স্বর্গীয় প্রেম’। এই ছবিতে অভিনয় করবেন কলকাতার অংকুশ ও ঢাকার দুই নতুন মুখ। এখন নতুন এই দুই নায়িকা খোঁজা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২৭ ডিসেম্বর থেকে ‘স্বর্গীয় প্রেম’ ছবির শুটিং শুরু হবে ঢাকা-কলকাতার বিভিন্ন লোকেশনে।