English Version
আপডেট : ১ জুন, ২০১৬ ২১:০১

তথ্য গোপনে ফেঁসেছেন মাহি

নিজস্ব প্রতিবেদক
তথ্য গোপনে ফেঁসেছেন মাহি

চিত্রনায়িকা শারমিন আক্তার নীপা (মাহিয়া মাহি) সঙ্গে শাহরিয়ার ইসলাম শাওনের বিয়ের প্রমাণ হিসেবে কাবিননামা আদালতে উপস্থাপন করা হয়েছে। ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে এ কাবিননামা উপস্থাপন করেন আসামি শাওনের আইনজীবী মো. বেলাল হোসেন।

শাহরিয়ারের আইনজীবী মো. বেলাল হোসেন বলেন, চিত্রনায়িকা মাহির বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগে মামলা করা হবে। কারন তথ্য গোপন করে মাহি ফৌজদারি অপরাধ করেছেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪৯৫ ধারায় মামলা করা হবে। তবে শাওন আদালত থেকে জামিন পাওয়ার পর এ মামলা করা হবে।

বিয়ে সম্পর্কে আইনজীবী আদালতকে জানান, ২০১৫ সালের ১৫ মে মাহিয়া মাহির সঙ্গে পারিবারিকভাবে শাওনের বিয়ে হয়। রাজধানীর বাড্ডার কাজি অফিসের কাজি মোহাম্মাদ সালাহউদ্দিন এ বিয়ে পড়ান। ওই কাবিননামায় দেনমোহর ধরা হয় চার লাখ টাকা। এর মধ্যে দুই লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

কাবিননামায় মাহির জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে, ২৭ অক্টোবর ১৯৯৪ ও শাহরিয়ারের ১৫ ফেব্রুয়ারি ১৯৯৪। বিয়েতে মাহির উকিল হিসেবে ছিলেন মো. হারুন অর রশিদ নামের এক ব্যক্তি। তিনি রাজধানীর দক্ষিণ বাড্ডায় থাকেন।

সেখানে আরও উল্লেখ করা হয়, শাহরিয়ারের সঙ্গে বিয়ের আগে মাহির আর কোনো বিয়ে হয়নি। তাই বাদিনী মাহি আসামির বৈধ স্ত্রী। এ কারণে বিয়ের অনুষ্ঠানের ছবি প্রকাশ করা হয়েছে। যা কোনো মানহানিকর, অশ্লীল ও উসকানিমূলক নয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অপরাধের আওতায় এটি আসে না। মুসলিম আইন অনুযায়ী স্বামী বর্তমান থাকায় স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে পারেন না। যদি স্বামী থাকা অবস্থায় কোনো নারী আরেকটি বিয়ে করেন, তা ফৌজদারি অপরাধ।

এদিকে মাহি তার বিয়ের কথা গোপন করে গত ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মোহাম্মদ অপুকে বিয়ে করেন। গ্রেফতার শাহরিয়ারকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে।এরপর আদালত শাহরিয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিয়ের কাগজপত্রও ডিবির তদন্তকারী টিমের কাছে উপস্থাপন করা হয়েছে।

শাহরিয়ারের বাবা গুলশানের ব্যবসায়ী নজরুল ইসলাম। শাহরিয়ার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী। উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে একই ক্লাসের শিক্ষার্থী ছিলেন শাহরিয়ার ও মাহি। ওই সূত্র ধরে তাদের মধ্যে স্কুলজীবন থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।