English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৬ ১৮:২০

ফারুকীর ছবিতে বলিউডের ইরফান খান, পর্ণো মিত্র

নিজস্ব প্রতিবেদক
ফারুকীর ছবিতে বলিউডের ইরফান খান, পর্ণো মিত্র

 

বাংলাদেশের ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডে বিকল্প ধারার সিনেমার অভিনেতা হিসেবে পরিচিত ইরফান খান এবং টালিউডের হালের তারকা অভিনেত্রী পর্ণো মিত্র। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবিটির নাম ‘ডুব’। বাংলাদেশের এই ছবিতে অভিনয় করতে ১৫ মার্চ ঢাকায় আসছেন ইরফান। ২০ মার্চ থেকে ঢাকার অদূরে পুবাইলে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। এর আগে ফারুকীর সর্বশেষ ছবি পিঁপড়াবিদ্যায়  অভিনয় করেছিলেন ভারতের শিনা চৌহান।

ডুব ছবিতে ইরফান খান ছাড়াও অভিনয় করবেন পার্ণো মিত্র, অশোক ধনুকা এবং বাংলাদেশের তিশা, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী প্রমুখ। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আরও থাকছে এস কে মুভিজ ও ইরফানের প্রযোজনা প্রতিষ্ঠান আই কে কোং।

ছবির গল্প প্রসঙ্গে জানা গেছে, দুটি পরিবারের উত্থান-পতনের গল্প এটি। পরিবারের প্রধান মানুষটি মারা যাওয়ার পর দুই পরিবারই বুঝতে পারে তাদের মধ্যে ভালোবাসার বন্ধন কতটা দৃঢ়। মৃত্যু সব সময় দূরে নিয়ে যায় না, কাছেও নিয়ে আসে। এমনটাই ডুব ছবির মাধ্যমে তুলে ধরা হবে। ইরফান খান অভিনীত ডুব ছবির প্রথম অংশের কাজ শেষ হবে এপ্রিল মাসের ১০ তারিখ।

জানা গেছে, বাংলাদেশের ছবিতে অভিনয় করার জন্য দুই মাস ধরে নাকি বাংলা শিখছেন ইরফান খান। শুটিং শুরুর পাঁচ দিন আগে আসার কারণ হিসেবে বাংলাদেশ অংশের প্রযোজক আবদুল আজিজ বলেন, এই কদিনে তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে মিশবেন। এখানকার শিল্প-সংস্কৃতি আর মানুষের মনোভাব সম্পর্কে জানার চেষ্টা করবেন। এতে হয়তো তার অভিনয়ের ক্ষেত্রেও বাড়তি একটা সুবিধা হবে।