এবারও হচ্ছে না বই উৎসব
করোনাভাইরাসের কারণে গত বছরের মতো এবারও বই উৎসব হবে না। সময় মতো শিক্ষার্থীদের হাতে নুতন বই পৌঁছে যাবে। প্রতিটি স্কুলে ভাগে ভাগে বই বিতরণ করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর)মাতুয়াইল প্রেস পরিদর্শনে গিয়েছিলেন। এসময় তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ৯৫ ভাগ বই শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে পৌঁছে যাবে। বাকি বই জানুয়ারির প্রথম সাপ্তাহে যাবে। কাজেই কোনো শিক্ষার্থী সময়ের মধ্যে বই পাবে না, এমনটি নয়।
প্রেস পরিদর্শন করে মন্ত্রী বলেন, আমরা প্রেস ঘুরে দেখলাম। মান ঠিক আছে বলে মনে হলো। এছাড়া এনসিটিবি থেকে প্রতি সপ্তাহে প্রেস পরিদর্শন করা হয়। ১৫৮টি প্রেসে মাধ্যমিক ও ৪২টি প্রেসে প্রাথমিকের বই তৈরির কাজ চলছে। আমরা মান ঠিক রাখার চেষ্টা করছি। কেউ সঠিক মান না দিলে ব্যবস্থা নেওয়া হবে। বইয়ে বিতর্কিত বিষয় ও ভুলভ্রান্তি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আগের সমস্যাগুলো সংশোধন করা হয়েছে। তার মানে এই নয় এবার ভুল থাকবে না। আমরা আরও অনেক বেশি যত্নশীল হয়েছি। তারপরও ভুল পাওয়া গেলে আমরা সংশোধন করে নেব। ৩১ ডিসেম্বরের মধ্যে ৯৫ ভাগ বই স্কুলগুলোতে পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ২০১০ সালের পর থেকে প্রতিবছর পহেলা জানুয়ারি বই উৎসবের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হতো। কিন্তু করোনাভাইরাস বদলে দিয়েছে প্রায় এক দশক ধরে চলে আসা এই নিয়ম।


