English Version
আপডেট : ২৩ আগস্ট, ২০১৬ ১২:৪২

নতুন আবাসিক হল নির্মাণ দাবিতে জবিতে ধর্মঘট

অনলাইন ডেস্ক
নতুন আবাসিক হল নির্মাণ দাবিতে জবিতে ধর্মঘট

নতুন আবাসিক হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা ধর্মঘট কর্মসূচি পালন করছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা রায়সাহেব বাজার মোড় অবরোধ করে। এসময়ে তারা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। ফলে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা। জবির প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করছে তারা। আবার অপ্রীতকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পুরান ঢাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

কোতয়ালী থানার ওসি আবুল হাসান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল নিমার্ণের জন্য নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের জায়গা বরাদ্দ দেওয়ার দাবিতে গত ২ আগস্ট থেকে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামীকাল বুধবার ধর্মঘট হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।