নিজামীর স্ত্রীর স্কুল থেকে জামায়াতের ১৮ কর্মী আটক
একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামীর স্কুলে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে রাজধানীর মেরুল বাড্ডায় ডিআইটি প্রজেক্টের রোড-৮ বাসা-২৫ এ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালানো হয়। পুলিশ বলছে, নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী ওই স্কুলটি পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতরা স্কুলে গোপন বৈঠকে বসে নাশকতার পরিকল্পনা করছিল। বাড্ডা থানার ওসি এমএ জলিল জানান, জামায়াত-শিবিরের কর্মীরা গোপন বৈঠক করছে, এমন তথ্যের ভিত্তিতে ওই স্কুলে অভিযান চালানো হয়। এ সময় ওই স্কুলের ভাইস প্রিন্সিপাল ও বাড্ডা থানা জামায়াতের আমির ফখরুদ্দিন কেফায়েত উল্লাহ, তার স্ত্রী ও দুই মেয়ে, স্কুল ভবনের মালিক বেলাল হোসেন ও তার স্ত্রী, মা ও স্কুলের দারোয়ানসহ ১৮ জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের তিনটি শাখা রয়েছে। গুলশান, খিলতে ও মেরুল বাড্ডায়। তিনটি শাখারই প্রিন্সিপাল শামসুন্নাহার নিজামী। তবে স্কুলটিতে অভিযান চালানোর সময় তিনি সেখানে ছিলেন না। পরে খবর পেয়ে তিনি সেখানে আসেন। এর পর অন্যদের সঙ্গে তাকেও আটক করে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদের পর বিকালে তাকে ছেড়ে দেওয়া হয়। দুপুরে স্কুলটিতে গিয়ে ?দেখা যায়, ছয়তলা একটি ভবনে স্কুলটি অবস্থিত। ভবনের তিনতলার একটি ফ্যাটে বাড়ির মালিক সপরিবারে এবং ছয়তলার একটি ফ্যাটে থাকতেন ভাইস প্রিন্সিপাল ও তার পরিবার। বাড়িটির মূল ফটক অভিযানের পর থেকে তালা দেওয়া রয়েছে। স্কুলটিতে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। প্রায় তিন বছর আগে স্কুলটি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। পুলিশের বাড্ডা জোনের এসি আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আটক জামায়াত-শিবিরের ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।


