‘বিদেশি ডিগ্রি বাংলাদেশে রাজনীতির বড় প্রতিবন্ধকতা’
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিদেশ থেকে উচ্চতরণ ডিগ্রি নিয়ে দেশের বিভিন্ন বিষয়ে ভুল ধরার সমালোচনা করেছেন। তিনি বাংলাদেশের রাজনীতির জন্য বিদেশের উচ্চ শিক্ষাকে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে আখ্যায়িত করেছেন। আজ রবিবার বিকাল পৌনে পাঁচটার দিকে পার্থ তার ভেরিভাই ফেসবুক পেইজে এ ব্যাপারে একটি পোস্ট দিয়েছেন। এখানে তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো: “আমি প্রথমেই বলে নিচ্ছি যে এই লিখাটা কাউকে কষ্ট দেবার জন্য না কিংবা ছোট করার জন্য না। আমি শুধু আমার গত নয় বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আর উপলব্ধি থেকে লিখছি। আমার ধারণায় বাংলাদেশে রাজনীতি করার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বিদেশ থেকে আনা উচ্চতর ডিগ্রি । তা অক্সফোর্ড, ক্যামব্রিজ, বার-এট-ল কিংবা অন্যান্য ডিগ্রি হতে পারে। স্বভাবতই এইসব ডিগ্রি আনতে বহু বছর বিদেশের মাটিতে থাকতে হয় আর লেখাপড়ার পাশাপাশি বিদেশের রীতিনীতি, পোশাক, আচার আচরণ আর অনেক কিছু আমাদের মানসিকতায় ঢুকে পড়ে। এমনিতেই আমরা একটু অনুকরণপ্রিয় আর যেখানে বিদেশিদের হালচাল হল আভিজাত্যের প্রতীক সেখানে বিদেশিদের মতো না হলে কেউত বলবেই না আমরা বিদেশে ছিলাম। দেশে ফিরেই দেশের সবকিছুতে একটা ভুল ধরার প্রবণতা থাকে, এটা এমন কেন, ওটা অমন কেন আর কত কি। এরপর আমরা বিদেশে যারা থাকত তাদেরকে বন্ধু বানাই আর স্মৃতিচারণ করি। এভাবে দেশের মধ্যেই ছোট্ট একখানা বিদেশ বানিয়ে আমরা নিজের অজান্তেই দেশের অনেক দূরে চলে যাই। এরা হয়ত এমপি, মন্ত্রী হতে পারে (যেহেতু এমপি, মন্ত্রী হতে রাজনীতিবিদ হতে হয় না) কিন্তু রাজনীতিবিদ হতে অনেক পথ পাড়ি দিতে হবে। রাজনীতিবিদ হতে হলে চিন্তা চেতনা, ধ্যান-ধারণা, চালচলন সবকিছু মিলিয়ে বাংলাদেশের হতে হবে। When you are in Rome be a Roman and not a P.H.D or a Barrister…. “


