উদ্বোধন হলেও হল চালু হয়নি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যা সমাধানের জন্য প্রায় দেড় বছর পূর্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় ১ বছর পর হলেটিতে প্রশাসনিক দফতরও স্থাপন করা হয়। নির্মাণ কাজও শেষ। কিন্তু এখন কোন ছাত্রী হলে তুলতে পারেনি হল কর্তৃপক্ষ।
এদিকে স্টাফ স্বল্পতাকেই হলে ছাত্রী উঠানোর জন্য বড় বাধা হিসেবে উল্লেখ করছেন হল কর্তৃপক্ষ। তবে সমস্যা কাটিয়ে ঈদের পরে ছাত্রী উঠানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালে ছাত্রীদের আবাসিক সমস্যা সমাধানের জন্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার বছর পর ২০১৫ সালের ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসে হলের উদ্বোধন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এর পর চলতি বছরের ২৭ জানুয়ারি হলটির কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনিক দফতর স্থাপন করা হয়।
হল সূত্রে জানা যায়, এ হলে সাধারণ শিক্ষার্থীদের জন্য ৪৫৬ টি, এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য ২৪ এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ২৪ টি সিট বরাদ্দ রয়েছে। প্রথমিকভাবে ২০১১-১২ ও ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হলে আবাসিকতা প্রদান করা হবে। এ লক্ষে গ্রীষ্মকালীন ছুটির আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২৮ মে থেকে ৭ জুন আবেদনের সময় নির্ধারিত ছিল। পরে ৯ ও ১১ জুন আবেদনকারী ছাত্রীদের সাক্ষাৎকার নেওয়া হয়। তবে চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করা হয়নি।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফাহিমা খাতুন বলেন, ‘হলের কাজ মোটামুটি শেষ। তবে স্টাফ কম থাকায় ছাত্রীদের সেবার বিষয়টি মাথায় রেখে এখনও ছাত্রী উঠানো সম্ভব হয়নি।’
তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ইতোমধ্যে হলে আবাসিকতা প্রদানের জন্য ছাত্রীদের আবেদনপত্র জমা ও সাক্ষাৎকার নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি চূড়ান্ত তালিকা প্রকাশ করে ঈদের পরেই ছাত্রী উঠানো সম্ভব হবে।’


